মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হল মসজিদ। মসজিদ শান্তির নীড়। মসজিদ সবার জন্য কল্যাণকর। আমাদের পাড়ায় বা মহল্লায় যে মসজিদটি আছে তা আমাদের সবার জন্য যদি কল্যাণকর এবং উপকারিই না-ই হয় তাহলে মসজিদ নির্মাণের যে প্রকৃত উদ্দেশ্য রয়েছে তা পূর্ণতা পায় না। মসজিদ নির্মাণ শুধু নামাজ আদায়ের জন্য নয় বরং মসজিদ নির্মাণ করা হয়ে থাকে সকলের কল্যাণের জন্য। একটি মসজিদ পুরো এলাকার জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আমরা সবাই জানি, আমাদের প্রিয় নবী, রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (স.)-এর মসজিদ ছিল অতি সাধারণ খেজুর পাতার কিন্তু তাতে প্রেম-প্রীতি, ভালোবাসা আর শান্তির কোন কমতি ছিল না। বৃষ্টি পড়লে মসজিদে পানি ঢুকে কর্দমাক্ত হয়ে যাওয়া সত্বেও মুসল্লিদের দ্বারা মসজিদ সব সময় থাকত ভরপুর। সামান্য খেঁজুর পাতায় নির্মিত মসজিদের সোভা ও সৌন্দর্যে যেন ঝক-মক করত। এর কি কারণ ছিল? এর কারণ একটাই, আর তাহলো আমাদের প্রিয় নবী ও সর্ব শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (স.)-এর উত্তম আদর্শ এবং তাকওয়ায় সুশোভিত তাঁর সাহাবিগণ। মহানবী (স.)-এর মসজিদ ছিল সবার জন্য শান্তি আর নিরাপর্তার কেন্দ্র। সেই খেঁজুর পাতার মসজিদের রূপের সাথে কোন মসজিদের কি তুলনা হতে পারে? মহানবী (স.)-এর মসজিদ ছিল সমাজের সকল শ্রেণির শান্তির কেন্দ্র। তাঁর মসজিদে আসতে ছিল না কারো বাধা, হোক না সে বিধর্মী বা যে কোন মতাদর্শের অনুসারি। তিনি (স.) সবার সমস্যার কথা মসজিদেই আলোচনা করতেন এবং তার সমাধানও দিতেন মসজিদে বসেই। তাই নি:সন্দেহে আমরা বলতে পারি মহানবী (স.)-এর মসজিদ ছিল শান্তির কেন্দ্র আর তাঁর মসজিদ থাকত সব সময় ভরপুর। আজকে আমাদের এই ঢাকা শহরেরই কোন একটি উচু বিল্ডিং-এর ছাদে দাড়ালে দেখা যায় রাজধানীতে হাজার হাজার মসজিদের সুউচ্চ মিনার। আর এসব মসজিদগুলোর মিনার উচ্চতায় যেমন দেখতেও জাঁকজমকপূর্ণ। মসজিদগুলোতে অনেক মূল্যবান কার্পেট, সমস্ত মসজিদ মোজাইক করা, টাইলস বসানো এবং শিতাতাপ নিয়ন্ত্রিত। কতইনা উন্নত সব ব্যবস্থাপনা। এসব মসজিদ দেখে হূদয়ে কান্না আসে হায়! আমার নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নাবেঈন (স.) খেঁজুর পাতার মসজিদের ভেজা মাটিতে ইবাদত করে বছরের পর বছর পার করেছেন! তিনি কত কষ্টই না সহ্য করেছেন আর তাঁরই উম্মত হয়ে আমাদের অবস্থান আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মসজিদগুলোতে দৈনিক পাঁচবেলার নামাজে কতজন নামাজ আদায় করেন? নামাজের সময় যদিও কিছু মুসল্লিকে দেখা যায় কিন্তু সারাদিনই মসজিদগুলো বিরান হয়ে পাড়ে থাকে। আমরা কি পারি না মসজিদগুলোকে সব সময়ের জন্য আবাদ রাখতে? মসজিদ সবার জন্য কল্যাণকর একটি স্থান রূপে প্রকাশ করতে। এমন কি হতে পারে না, সব মসজিদগুলোতে মানুষ এসে প্রশান্তি লাভ করবে, এলাকার মসজিদটি সবার জন্য আশ্রয়স্থল হবে, মসজিদটি সবসময় ধর্মপ্রাণ মানুষ দ্বারা ভরপুর থাকবে। এমনটি কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব হবে, তার আগে আমাদের সবার মনমানষিকতাকে উদার করতে হবে। আমাদের সবাইকে বান্দার অধিকারের দিকে লক্ষ্য রাখতে হবে। অসহায়দের প্রতি দৃষ্টি দিতে হবে। আমরা যদি কেবল নিজেদের চিন্তা না করে অন্যের উপকারের কথা চিন্তা করি তাহলেই সম্ভব ভালো কিছু করার। মসজিদ নির্মাণের উদ্দেশ্যই হল লোকেরা মসজিদে এসে প্রশান্তি লাভ করবে। পথহারা মানুষ সঠিক পথের দিশা পাবে, বঞ্চিতদের অধিকার প্রদান করা হবে, গরীব-দু:খী থেকে নিয়ে সর্বস্তরের মানুষের আশ্রয়স্থল এবং কল্যাণকর হবে মসজিদ। আমরা যদি প্রকৃতভাবেই সেই মহান রসূল ও শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের অনুসারী হওয়ার দাবী করি তাহলে তা শুধু দাবীর মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীর আদর্শ নিজেদের মধ্যে ধারণও করতে হবে। তবেই না আমরা এই মহান নবীর উম্মত বলে দাবী করতে পারব। আমাদের সবার উচিত্, মসজিদগুলোতে বেশি বেশি এসে একে সব সময়ের জন্য আবাদ রাখা। যেভাবে হজরত রসূল করিম (স.) বলেছেন, যে কেহ সকাল-সন্ধ্যায় মসজিদে যায়, জান্নাতে আল্লাহ তার জন্য আপ্যায়ন প্রস্তুত করেন যতবার সে মসজিদে যায় (বোখারি ও মুসলিম)। তাই আমাদের অনেক বেশি মসজিদ মুখি হওয়া উচিত। এছাড়া যখনই সময় পাই অন্য কোথাও না গিয়ে মসজিদে এসে সময় কাটালেই সবচেয়ে উত্তম হয়। প্রত্যেকটি মসজিদে যদি মহানবী (স.)-এর মসজিদের ন্যায় মহিলাদের নামাজের ব্যবস্থা করা হয় তাহলে অনেক উত্তম হয়। আমাদের সেই মহান রসূলের শিক্ষার ওপর আমলও করতে হবে। শুধু বড় বড় মাহফিলের মধ্যেই সীমাদ্ধ রাখলে চলবে না। তাঁর শিক্ষা মোতাবেক যদি না চলি আর মুখে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার দাবী করে গর্ববোধ করি তাহলে এটা হজরত রসূলে করীম (স.)-এর অবমাননা ছাড়া আর কিছুই নয়। আমরা যদি তাঁর আদর্শ মোতাবেক জীবন পরিচালিত করতাম তাহলে আমাদের সমাজ ও দেশ হত শান্তিময়। তাই আমাদেরকে রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (স.)-এর আদর্শ আবার পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি সব মসজিদগুলোকে শান্তির নীড়ে পরিণত করতে পারি তাহলে আমাদের মসজিদগুলো ফিরে পাবে হারানো গৌরব আর মসজিদ হবে সবার জন্য কল্যাণকর। বিশ্বের মসজিদগুলো সবার জন্য কল্যাণকর হোক এই কামনাই করি।
