মু খো মু খি
এ দেশে মিষ্টি গানের কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। ক্লোজআপ ওয়ানের বিচারক হিসেবেও সারাদেশের তরুণ-তরুণীদের কাছে তার অন্য রকম গ্রহণযোগ্যতা। সম্প্রতি গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। সেটিও চারদিকে বেশ প্রশংসিত। সব কাজ আর বর্তমান সময়ের গান নিয়ে কথা বলেছেন তিনি বিনোদন প্রতিদিন-এর সাথে। সাক্ষাত্কার নিয়েছেন রবি হাসান
আপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে বলুন-
এই মুহূর্তে খুব একটা ব্যস্ত নই। টুকটাক কাজ করছি। ক্লোজআপ ওয়ানের কাজ শেষ, আগামীকাল এর গালা রাউন্ড অনুষ্ঠিত হবে। নতুন অ্যালবামের কাজ শুরু করেছি। অ্যালবামটির নাম রেখেছি ‘আমি পাল্টে যাইনি’, অনেক সুরকার ও গীতিকার এই অ্যালবামে কাজ করছেন। ৫টি গানের কাজ শেষ হয়েছে। একটা অ্যালবাম তো আসলে দীর্ঘ প্রসেসের কাজ। সবকটা গানের কাজ শেষ করে আবার শুনে দ্বিতীয়বারের মতো বাছাই করব কোনটা যাবে আর কোনটা যাবে না। এই তো, তাই কবে নাগাদ বাজারে আসবে এ বিষয়টা এখনও আমি নিজেও নিশ্চিত নই।
আপনার অভিনীত একটি বিজ্ঞাপন এখন নিয়মিতই প্রচার হচ্ছে। বেশ জনপ্রিয়ও হয়েছে বিজ্ঞাপনটি। এই বিজ্ঞাপন প্রসঙ্গে জানতে চাইছি—
কাজটা আসলে হঠাত্ করেই করা। এপ্রিল মাসেই শুটিংয়ের মাত্র ৩ দিন আগে অ্যাজেন্সি থেকে ফোন করে বলল যে, ‘নোমা আপা একটা গল্প আছে। এই গল্পটা আপনাকে ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আমি সিরিয়াসলি বলছি, গল্পটাই আপনাকে বেইজড করে করা। একজন মা ও তার ছেলের গল্প।’ পরবর্তীতে পরিচালক তানভীর আমাকে গল্পটা বলল, শুনে এত ভালো লাগল যে, ভাবলাম একটা চ্যালেঞ্জ নিয়েই ফেলি। আসলে প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে টিমওয়ার্ক ও ভালোবাসার উপর। এই কাজটিতে তাই ছিল। টিমওয়ার্কটা খুবই ভালো ছিল। আর বিজ্ঞাপনে যে আমার ছেলে ছিল এবং তার বন্ধুরা এখন সবাই আমার বন্ধু। আমি কাজটা করে খুব মজাই পেয়েছি। আসলে একজন মা বাসায় তার সন্তানকে নিয়ে যেই টেনশনটা করে, ঠিক সেটাই খুব সুন্দরভাবে শিল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে এখানে। সবচেয়ে মজার কথা হলো—বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পর থেকে এত রেসপন্স পাচ্ছি, অনেকে এখন আমাকে সুপার মডেলও বলছে। এমনকি অনেকে বলে যে, আমরা তো অ্যাড দেখা ভুলেই গিয়েছিলাম। আপনার অ্যাডটা দেখার পর মনে হলো যে, অ্যাড দেখি। বিষয়টা আমি খুব এনজয় করছি। আরও একটা বিষয় আছে যেমন, এখানে শেষে আমি যেই ভয়েসটা দিয়েছি। এর প্রশংসাও পেয়েছি অনেক। গ্রামীণফোনের আরও একটি বিজ্ঞাপনে ভয়েস দিচ্ছি আমি।
এ ধরনের কাজ পেলে কী মডেলিংয়ে নিয়মিত থাকবেন?
এ রকম কাজ কিন্তু হঠাত্ করেই হয়। তবে নিয়মিত করার তেমন ইচ্ছে নেই। তবে এমন যদি হয় যে, আমাকে বেইজড করেই গল্প তৈরি, সে ক্ষেত্রে অবশ্যই ভাববার জায়গা থাকে।
প্রায় প্রতিদিনই অনেক গান বাজারে আসছে। কিন্তু গত দুই বছরে তেমন কোনো আলোচনায় আসছে না। এর কারণ কী বলে মনে হয় আপনার?
আমাদের দেশে এখন খুব বেশি অনুকরণ করে কাজ চলছে। আর শুধুই অনুকরণ করে কখনও ভালো কিছু উপহার দেওয়া যায় না। অনুসরণ করে নিজস্বতা অ্যাপ্লাই করে কিছু কাজ করতে হয়। এ দেশের সবাই মনে করে যে, আমি গান গাইতে পারি। নিয়ম হচ্ছে একটা দেশে শিল্পী কম থাকবে আর শ্রোতা বেশি থাকবে, আর আমাদের দেশে শিল্পী বেশি কিন্তু শ্রোতাই কম। আমার আব্বু যখন গান করতেন, তখন ভাবতেন একটা গানকে মানুষের কাছে নিয়ে যেতে হবে— কতদিন ধরে একটি গানের পিছনে কাজ করতেন... কতজন মিলে একটি গান নিয়ে কাজ করতেন... একটি টিমওয়ার্ক, এরপর একটি গান তৈরি হতো। আমরা যদি বলি মর্ডানিজম, আসলে পুরোনোকে কেন্দ্র করেই মর্ডানিজম। একটা গানের জন্য সৃষ্টির জন্য অনেক সময় লাগে। এখন কেউ কষ্ট করে না। কষ্ট না করলে কেষ্ট মেলে না। এটাই সত্য, এটাই স্বাভাবিক। আর এখানে কেউ শিখতেও চায় না। শেখা উচিত, আমি এখনও শিখছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত স্টুডেন্ট হয়ে থাকতে চাই।
ফিল্মের প্লে-ব্যাক প্রসঙ্গে কী বলবেন?
আমি যখন জাতীয় পুরস্কার পেলাম, তখন ভাবলাম যে আমার হয়তো এখন ফিল্মে গান গাওয়া আরও বেড়ে যাবে। একটা জাতীয় পুরস্কার মানুষকে কাজের অনুপ্রেরণা দেয়। কিন্তু আমার ফিল্মের গান কমে গেছে। আমি তো এমনিতেই কম গান করি। চলচ্চিত্র নির্মাতারা আসলে ভাবছে, ফাহমিদা বোধহয় এ ধরনের গানই গায়। তাই বেছে বেছে দিতে গিয়ে তারা আমাকে কিছুই দিতে পারে না। কিন্তু আমি তো কাজ করতে চাই। কিছুদিন আগে দুটি ফিল্মের গান করেছি।
রিয়েলিটি শো থেকে যারা আসেন, তারা খুব ক্ষণস্থায়ী হন। তেমন কেউই নেই, আর যারা টিকে আছেন তারাও খুব ভালো একটা অবস্থানে নেই। এর কারণটা কী?
খুব স্ট্রেইট করেই বলি, এভাবেই রিয়েলিটি শো দিয়ে কিন্তু শিল্পী হয় না। রিয়েলিটি শো’তে যারা বাছাই হয়, আমার হিসেবে তারা একটা সুন্দর প্ল্যাটফর্ম পায়। যারা এখানে আসছে তারা এমনিতে গান গায়। গানের উপর তেমন কোনো চর্চা নেই, শিক্ষা নেই। শোতে এসে গান গেয়ে এলাকার এসএমএস ভোটে টপ টেনে চলে আসে। এটা ঠিক আছে, কিন্তু তার তো গানের উপর চর্চাই নেই, সে শুধুই গান গাইতে পারে। কিন্তু গানের মূল্যটা উপলব্ধিতে থাকা প্রয়োজন। তারা উপলব্ধি করার আগেই তো বাইরের শো করা শুরু করে দেয়। তাদের কাছে শোটাই হচ্ছে মুখ্য বিষয়। একটা গান যে ভালোভাবে গাইতে হবে, গান গাওয়ার জন্য অনেক বেশি শিক্ষার প্রয়োজন আছে। সেই মূল্যবোধটা তার মধ্যে তৈরি হয় না। যাদের তৈরি হয় না তারা ঝরে যায়, আর যারা মূল্যটা বুঝে তারা টিকে থাকে।
