প্রযুক্তির এই যুগে এসে প্রযুক্তিগত অনেক বিষয় নিয়ে নানা ঝামেলা পোহাতে হয় তারকাদের। তার মধ্যে যদি ফেসবুকের মতো বহুল ব্যবহূত ও জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইটের কথা বলা হয় তাহলে তো মাঝেমধ্যে এর ঝামেলাটা থাকে চরমে। আর নিয়মিতই তারকারা নানা বিভ্রান্তির শিকার হন ফেসবুক ও টুইটারে। সেই ধারাবাহিকতায় ছাড় পেলেন না এ দেশের এক সময়কার শীর্ষ চিত্রনায়িকা ববিতাও। সময়ের সাথে তাল মিলিয়ে চলার অভ্যাস তার বহু পুরোনো। সেই হিসেবে ই-মেইল, স্কাইপিসহ ইন্টারনেটের নানা প্রয়োজনীয় সাইট ও অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন তিনি। কিন্তু ফেসবুকটা ব্যবহার করা হয়ে উঠেনি তার। কারণ হিসেবে তিনি বলেন, ‘আসলে ফেসবুকে আমি অনেককেই দেখেছি আসক্ত হতে। আর ফেসবুকে অনেক সময়ও ব্যয় হয়। সেই সময় আমার নেই। তাই করা হয়ে উঠেনি।’ তবে এই ফেসবুক নিয়েই এখন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ববিতা। কারণ তারই মূল নাম ‘ফরিদা আক্তার ববিতা’ ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছে কোনো এক অজ্ঞাত ব্যক্তি। অ্যাকাউন্টটি চলছে প্রায় বছরখানেক ধরেই। আর এই অ্যাকাউন্টে শুধু শোবিজ মিডিয়াই নয়, রাজনৈতিক ব্যক্তিদের নিয়েও নানা বাজে মন্তব্য ও বানোয়াট ছবি আপলোড করা হয়েছে। এ কারণে নানা জনের প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে ববিতাকে। ববিতা বলেন, ‘প্রায় সব তারকারই একাধিক ভুয়া অ্যাকাউন্ট থাকে। কিছু অসুস্থ মানসিকতার লোক এগুলো করে থাকে। এর পাশাপাশি যখন ওই অ্যাকাউন্টে বাজে কাজ চলে তখন এটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট ইত্তেফাকের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি তারা যেন এ সমস্যা নিরসনে সঠিক উদ্যোগ গ্রহণ করেন। আর আমি আমার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই যে, আদপে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে যদি কারও ব্যক্তিগত ও সামাজিক ক্ষতি হয়ে থাকে তাহলে আমি দুঃখিত।’ উল্লেখ্য, অল্প কিছুদিন আগে ববিতা সিঙ্গাপুর থেকে ফিরলেন। ববিতা এখন ‘তোমার কাছে ঋণী’ শিরোনামের একটি চলচ্চিত্রে কাজ করছেন।’
