সিরিয়া সংকটে রাজনৈতিক সমাধান চায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ মে ২০১৩, ২০:২৯
যুক্তরাষ্ট্র ও রাশিয়া সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান চান বলে জানিয়েছেন জন কেরি। দু’দিনের মস্কো সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এটাই দেখাতে চেয়েছেন যে বিশ্বের প্রধান প্রধান ইস্যুগুলোতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতভেদ নেই। বুধবার তিনি রাশিয়া সফর শেষ করেছেন। সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ও পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সাথে বৈঠক করেন। -খবর সিনহুয়া ও বিবিসির। পুটিনের সাথে বৈঠকে কেরি বলেন, উভয় দেশই মধ্যপ্রাচ্যে শান্তি চান এবং সিরিয়ার ব্যাপারে তাদের অবস্থান অভিন্ন। জেনেভা সন্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী তারা সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান চান। তিনি বলেন- জেনেভা সন্মেলনের সিদ্ধান্ত শুধু একটুকরো কাগজ নয় এটি সংকট সমাধানের একটি নির্দেশিকা। পুটিন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সহযোগিতাপূর্ণ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। কেরি সিরিয়া, ইরান ও ্্্্্্উত্তর কোরিয়ার ব্যাপারে পুটিনের সাথে ওবামার আগামীতে একটি বৈঠকের ব্যাপারে আলোচনা করেন। সিরিয়া সংকটের ব্যাপারে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বৈঠক এবং বিবৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ ও আরব লীগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি। এদিকে বুধবার সিরিয়ার ব্যাপারে জোরালো পদক্ষেপ না নেয়ার অভিযোগের জবাবে ওবামা বলেন, তার দেয়া সীমা লংঘনের ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত আসাদ সরকারের বিরুদ্ধে কঠোরতর কোন পদক্ষেপ নেবে না যুক্তরাষ্ট্র।