রাজধানীর একটি ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ সড়ক

আপডেট : ০৯ মে ২০১৩, ২১:২৩
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি মহামারি আকার ধারণ করেছে। দৈনন্দিন জীবনে হারাচ্ছে হাজার হাজার তরতাজা প্রাণ। আমরা হারাচ্ছি প্রতিনিয়ত আপনজনদের। যে সকল প্রাণ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে তার মূল্য কেউ দিতে পারবে না। ‘জন্মিলে মরিতে হইবে’ এই কথাটি সত্য হলেও, এমন কিছু মৃত্যু আছে যা কিনা মেনে নেয়া যায় না। তেমনি একটি মৃত্যুফাঁদ হয়ে দেখা দিয়েছে বি এ এফ শাহিন স্কুল এবং কলেজের সামনের রাস্তাটি মহাখালী ওভার ব্রিজ থেকে ৫০ গজ পশ্চিমে এবং শাহিন স্কুল এবং কলেজের ফ্লাইওভার থেকে ৫০ গজ পূর্বের মাঝামাঝি সড়কটি। এই সড়ক থেকে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। যদিও এখানে একটি ফুটওভারব্রিজ সকলের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে। এই ফুটওভার ব্রিজটা শাহিন কলেজের শিক্ষার্থীদের জন্য ব্যবহারের উপযোগী হলেও সাধারণ মানুষের জন্য উপযোগী নয়। শাহিন কমপ্লেক্স একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং তার পাশে একটা শিক্ষা প্রতিষ্ঠান। তাই প্রতিদিন শত শত মানুষ এখানে কেনাকাটার জন্য আসেন। তাই সাধারণ জনগণ রাস্তা পার হয় সরাসরি অল্প সময়ের মধ্যে। এই অল্প সময়টুকু সাধারণ মানুষের জন্য মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে। এখানে বলাবাহুল্য যে, মহাখালী হয়ে একটি ফ্লাইওভার এখানে নেমে এসেছে। যার কারণে ফ্লাইওভারের উপর থেকে এবং নিচে থেকে যেভাবে ট্রাক, বাস, মিনিবাস, প্রাইভেট কার এবং মোটর সাইকেল খুব দ্রুতগতিতে ছেড়ে আসে তাতে এক্সিডেন্টের মাত্রা বহু অংশে বেড়ে যায়। বিগত কয়েক বছরে এক্সিডেন্টের পরিমাণ অনেক অংশে বেড়ে গেছে। এখানে একটি স্কুল, কলেজ ও একটি মার্কেট থাকার কারণে তেজগাঁও, নাখালপাড়া, আরজতপাড়া, শাহিনবাগ, পুরাতন এয়ারপোর্টের সাধারণ মানুষ ঐ স্থাপনাগুলো ব্যবহার করেন। এলাকাবাসীর দাবি—শহীদ জাহাঙ্গীর গেট থেকে ফ্লাইওভারের নিচ পর্যন্ত আইল্যান্ড [রোড ডিভাইডেড] নামক জায়গাটুকু এস এস পাইপ দিয়ে অন্তত সাত ফুট উঁচু করে বন্ধ করে দিলে দুর্ঘটনার মাত্রা অনেকাংশে কমে আসবে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জান্নাতুল ফেরদৌস শিপন আরজতপাড়া, তেজঁগাও, ঢাকা ১২১৫