কলঙ্ক মোচনে এক ধাপ অগ্রগতি হল :আওয়ামী লীগ

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:২৪
যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগ বলেছে, এটি একটি ঐতিহাসিক রায়। এ রায়ের মধ্য দিয়ে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। একাত্তরের ৩০ লাখ শহীদের আত্মার শান্তি পেয়েছে। ফাঁসির রায়ে জাতির কলঙ্ক মোচনে এক ধাপ অগ্রগতি হলো। গতকাল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রায় ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম দলের পক্ষে এ কথা বলেন। এদিকে রায় ঘোষণার পরেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসংখ্য সংগঠন রাজধানীর শতাধিক স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন। তিনি ওয়াদা দিয়েছিলেন ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবেন। প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে এ বিচার শুরু করেছেন। ইতিমধ্যে ৪ জন অপরাধীর বিচারের রায় ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, এ রায়ের মধ্য দিয়ে স্বজন হারানোর ব্যথা নিয়ে যে সকল শহীদ পরিবার, প্রজন্ম আজো বেঁচে আছে, তারা সান্ত্বনা ও স্বস্তি পাবে। মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র আজও থেমে নেই। এদের চক্রান্ত আমরা বার বার রুখে দিয়েছি। ভবিষ্যতেও যদি চক্রান্ত হয়, নৈরাজ্য করে তবে তা অতীতের মতো রুখে দিতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।