বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট গত ৫ মে নারকীয় হামলা, বোমাবাজি, কোরআন, হাদিস, তসবিসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট পুড়িয়ে দিয়ে জানমালের ব্যাপক ক্ষতিসাধন করায় হেফাজত, জামায়াত-শিবির, ইসলামি ঐক্যজোট, খেলাফত আন্দোলন ও বিএনপিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওলামা মাশায়েখ ঐক্যজোট নেতৃবৃন্দ বলেন, উল্লেখিত দলগুলো ধর্মের নামে চরম অধর্ম করছে, সুতরাং তাদের ফাঁসি হওয়া উচিত।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুফতি আব্দুল হালিম সিরাজী এবং উপস্থিত ছিলেন আলহাজ্ব খোন্দকার গোলাম মওলা, আলহাজ্ব আবুবকর সিদ্দিক, আলহাজ্ব আবদুস সমাদ, মোঃ আখতারুজ্জামান, হাফেজ মাওলানা আবদুল জলিল, মুফতি মাঈনুল ইসলাম, মাওলানা কামালউদ্দিন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি
