এ বছর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় ৪৩০ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। ৩৯২ জনই অর্জন করেছে সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫। বাকি ৩৮ জন পেয়েছে জিপিএ চার দশমিক ৫০ থেকে চার দশমিক ৯৪ এর মধ্যে। পাসের হার শতভাগ হলেও এবার ৩য় স্থানে প্রতিষ্ঠানটি। তবে গত কয়েক বছর প্রতিষ্ঠানটি প্রথম হয়ে আসছিল। ক্যাম্পাস জুড়ে আনন্দ উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা।
কলেজের অধ্যক্ষ ইমাদুল হুদা বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণেই আমাদের প্রতিষ্ঠানটি এবার প্রথম থেকে তৃতীয় স্থানে চলে এসেছে। আশা করছি, সামনে আমরা আবার ভালো করবো। তবে আমাদের প্রতিষ্ঠানের সবাই আন্তরিক। আমরা সব সময় আগাম পরিকল্পনা নেই এবং তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করি। শিক্ষকদের মান ভালো, অভিভাবকেরাও সচেতন। এ সাফল্যকে সম্মিলিত প্রচেষ্টার ফল বলে মনে করি।
শিক্ষার্থীরাও বলল একই কথা। ফল ঘোষণার পরপর মাকে জড়িয়ে ধরে কাঁদছিল নিপা ফারজানা। কিছুক্ষণ পর নিপা বলে, এ কান্না আনন্দের। ১০ বছরের কষ্টের ফসল সে পেয়েছে। যেটা ভাষায় প্রকাশ করার নয়। নিপার মতো জিপিএ-৫ পাওয়া আফরিন জিয়া, অরণ্য রিফাত ,আহমেদ সাদমান, রবিউল ইসলাম সবাই তাদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের পরিশ্রমের কথা জানাল।
