সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাচ্ছে। গত বুধবার রাত ১২টার পর থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ১১৪টি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। এ নিয়ে উদ্ধার কাজের ১৬তম দিনেও রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ৯৭২ জনের লাশ উদ্ধার করা হলো। এর মধ্যে ৬৩৩টি লাশ শনাক্তের পর তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকাল পর্যন্ত অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ৯৪টি মৃহদেহ রাখা ছিল। পরে সেখান থেকে ৬৪টি লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর বাইরে ঢাকা মেডিক্যাল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল মর্গে রয়েছে ১০০টি লাশ। এদিকে উদ্ধার কাজের ১৬তম দিনেও রানা প্লাজার সামনে এবং অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে লাশের জন্য শত শত স্বজনকে অপেক্ষা করতে দেখা গেছে। স্বজনদের অভিযোগ, ধ্বংসস্তূপে আরো কয়েক শত লাশ রয়েছে। অপর দিকে বেঁচে যাওয়া শ্রমিকদের বেতন ও ওভারটাইমের টাকা দেয়া শুরু করেছে বিজিএমইএ। তবে পাওনা অনুযায়ী টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।
সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নৌবাহিনীর কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে বিকাল পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১১৪টি লাশ। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হতে আরো কয়েক দিন লাগতে পারে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন যেসব মৃতদেহ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই বিকৃত হয়ে গেছে। আর ২/১ দিনের মধ্যেই মৃতদেহ উদ্ধারের কাজ শেষ করা সম্ভব বলে আশা করছেন উদ্ধার কর্মীরা। তবে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলবে।
তারা আরো জানান, লাশ উদ্ধার পরবর্তী সময়ে তা শনাক্তের জন্য লাশের পকেটে থাকা মোবাইল ফোন কিংবা আইডি কার্ডের সাহায্য নেয়া হচ্ছে। লাশের পচন ধরায় পরিচয় নিশ্চিত হওয়ার জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও শনাক্ত না হওয়া লাশগুলোও স্বজনদের শনাক্তের জন্য সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঠিয়ে দেয়া হচ্ছে। সেখানে সন্ধ্যা পর্যন্ত রাখার পর শনাক্ত না হলে বিকালে ডিএনএ টেস্টের জন্য মর্গে পাঠিয়ে দেয়া হয়।
গতকাল সরেজমিনে দেখা গেছে, রানা প্লাজা ধসের ১৬তম দিনেও বিরামহীনভাবে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ভবনের সামনের অংশের ধ্বংসস্তূপের বেশির ভাগই সরিয়ে ফেলা হয়েছে। তবে পেছনের দিকে এখনো অনেক ধ্বংসস্তূপ সরানো বাকি। উদ্ধার কাজে নিয়োজিত সেনা সদস্যরা জানান, পেছনের দিকের ধ্বংসস্তূপ টান দিলেই লাশ বের হচ্ছে। লাশ দেখা গেলে ধ্বংসস্তূপ সরানো বন্ধ রাখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ধসে পড়া ভবনের পেছনের একটি অংশ থেকে উদ্ধারকারীরা দোতলার কাছে পৌঁছে গেছেন। তবে এখন পর্যন্ত এতটা নিচে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। ভারি যন্ত্র দিয়ে কাটা হচ্ছে দেয়াল ও ছাদ।
গতকাল দুপুরের দিকে ভবনের উত্তর-পূর্ব দিকে আরএস টাওয়ারের সঙ্গে লেপটে থাকা ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছিল। পাশাপাশি সতর্কতার সঙ্গে মৃতদেহ উদ্ধারের কাজও চলছে। সেনাবাহিনীর একজন উদ্ধার কর্মী জানিয়েছেন, এ স্থানে অনেক লাশ দেখা যাচ্ছে। এ অংশে ভবনের দেয়াল, ছাদ, কলাম ও বিম একাকার হয়ে গেছে। এ অংশটুকু পুরো সরানো গেলে আর খুব একটা লাশ পাওয়া যাবে না। তবে দীর্ঘ সময়ের কারণে মৃতদেহগুলো বিকৃত হয়ে যাওয়ায় তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।
ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানিয়েছেন, সবচে বেশি মৃতদেহ ভবনের পেছনের বহির্গমন সিঁড়ির কাছ থেকে উদ্ধার হয়েছে। কারণ দুর্ঘটনার সময় এখানেই বেশি মানুষ আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, লাশের সন্ধান পাওয়ার পরপরই তা উদ্ধারের জন্য উদ্ধার কার্যক্রমে কিছুটা গতি কমানো হচ্ছে। লাশ উদ্ধারের খবর পেলেই সেখানে হুমড়ি খেয়ে পড়ছে অপেক্ষারত স্বজনরা। এ দিকে নিখোঁজদের সংখ্যার ব্যাপারে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পরে যত লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে, ততটিই নিখোঁজ বলে ধরে নেয়া হবে।
অপর দিকে রানা প্লাজা ধসের ১৬তম দিনেও শত শত নিখোঁজ অভিযোগ করে তাদের স্বজনরা ঘটনাস্থল রানা প্লাজার সামনেসহ আশপাশের হাসপাতালগুলোতে ভিড় করছেন। নিখোঁজদের স্বজনরা প্রিয় মানুষটিকে জীবিত পাওয়ার আশা ছেড়ে এখন শুধু লাশটি পাওয়ার জন্যই অপেক্ষার প্রহর গুনছেন। স্বজনরা এখন প্রিয় মানুষটির জন্য ক্লান্তিহীন সময় পার করছেন। লাশ উদ্ধারের খবর পেলেই অপেক্ষারত স্বজনরা সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন। এছাড়া গতকাল বৃষ্টির কারণে নিখোঁজদের স্বজনরা চরম বিপাকে পড়েন। শতশত মানুষের বৃষ্টি থেকে নিরাপদে দাঁড়াবার জন্য একটু জায়গা মেলেনি। বৃষ্টিতে ভিজেই তারা নিখোঁজ স্বজনদের জন্য অপেক্ষা করেছেন। তবে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছিল এসব মানুষের জন্য। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাঁবু টানিয়ে এসব মানুষের জন্য একটু নিরাপদ স্থান তৈরি করেছিল। সেটাও ছিল অপ্রতুল। তারা রানা প্লাজা, সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং বিভিন্ন হাসপাতালে ত্রাণ তত্পরতা অব্যাহত রেখেছেন। একই সাথে সরবরাহ করেছেন খাদ্যদ্রব্য ও ওষুধ সামগ্রীসহ প্রয়োজনী পণ্যসামগ্রী।
এদিকে, উদ্ধার করা ধ্বংসস্তূপ নির্ধারিত দুটি স্থানে ফেলা হচ্ছে। লুটপাট ঠেকাতে সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছে। সেখান থেকে মূল্যবান যন্ত্রপাতিসহ সামগ্রীগুলো উদ্ধার করে তা জেলা প্রশাসনের নির্দেশে একটি গোডাউনে রাখা হচ্ছে। তবে অধিকাংশ যন্ত্রপাতিই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উদ্ধার কর্মীরা জানিয়েছে।
এদিকে সাভারের ভবন ধসের ঘটনায় বেঁচে যাওয়া পোশাক শ্রমিকদের বেতন-ভাতা দেয়া শুরু করেছে বিজিএমইএ। সাভারের বিশমাইল এলাকায় সেনাবাহিনীর মাঠে শ্রমিকের বেতন-ভাতা নিয়মানুযায়ী পরিশোধ করা শুরু হয়েছে। এর মধ্যে যে সব শ্রমিকের চাকরির বয়স এক বছরের অধিক, তাদের ৪ মাসের বেতন, যাদের চাকরির বয়স ৩ মাস থেকে এক বছরের মধ্যে তাদের ২ মাসের বেতন এবং যাদের চাকরির বয়স ৩ মাসের কম তাদের এক মাসের বেতন প্রদান করা হয়।
