জামায়াতে ইসলামী রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপরই জামায়াত এ রায়ের প্রতিবাদে রবিবার সারাদেশে হরতালের কর্মসূচি ঘোষণা করে। এদিকে রবিবার হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচি ছিল। কিন্তু সন্ধ্যায় তারা এ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে বলেন, মো. কামারুজ্জামানের বিরুদ্ধে প্রদত্ত রায় সরকার নির্দেশিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচারকে হত্যা করা হয়েছে। রায়ে আন্তর্জাতিক আইন ও বিচারের মূলনীতি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।
মহাসচিব জুনাইদ বাবু নগরীসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবিতে এবং ৫ মে মতিঝিল শাপলা চত্বরের সমাবেশে গুলি চালিয়ে হত্যা-জখম করার প্রতিবাদে আগামী রবিবার ডাকা হরতাল স্থগিত করেছে হেফাজতে ইসলাম। সংগঠনের আমির শাহ আহমদ শফীর নির্দেশে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত করা হয় বলে জানা গেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় এক সাংবাদিক সম্মেলনে এই হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
জানা গেছে, দুই কারণে এই হরতাল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে হেফাজত। প্রথমত: অরাজনৈতিক সংগঠন হিসেবে নিজেদের পরিচয় ঠিক রাখা, দ্বিতীয়ত: জামায়াত নেতা মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে রবিবারের হরতালে অন্য কোনো পক্ষ যেন সুযোগ নিতে না পারে।
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ভিত্তিহীন:লতিফ নেজামী
ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর উপদেষ্টা আব্দুল লতিফ নেজামী গতকাল এক বিবৃতিতে বলেন, ৫ মে অবরোধ শেষে সমাবেশ চলাকালে সংঘটিত সন্ত্রাসী কার্যক্রমের দায়ভার হেফাজতের ওপর চাপানো জুলুম। হেফাজতের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। শাপলা চত্বরে আসার পথে সেদিন হেফাজত কর্মীরাই এক শ্রেণীর স্টর্ম ট্রপারের ফ্যাসিবাদী আচরণের শিকারে হতাহত হন।
১ হাজার ১০১ জন চিকিত্সকের বিবৃতি
গতকাল পৃথক এক বিবৃতিতে দেশের ১ হাজার ১০১ জন চিকিত্সক বলেছেন, ৫ মে গভীর রাতে হেফাজত কর্মীদের ওপর সরকারের আক্রমণ ইতিহাসের জঘন্যতম নজীর। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে জনরোষের হাত থেকে বাঁচার জন্য বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে একের পর এক গণহত্যা চালাচ্ছে।
সাউন্ডগ্রেনেডে আহত জাপা নেতার মৃত্যু
অবরোধ চলাকালে দলীয় চেয়ারম্যান এইচএম এরশাদের নির্দেশে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের পানি ও শুকনো খাবার সরবরাহ করছিলেন জাপা ও যুবসংহতির নেতা আলমগীর হোসেন। এসময় রাজধানীর বিজয়নগরে তিনি পুলিশের সাউন্ডগ্রেনেডে মারাত্মক আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন থাকাবস্থায় গতকাল তিনি মারা যান।
