রাজধানীতে নিরুত্তাপ হরতাল

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:৩৫
গতকাল বৃহস্পতিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিন ছিল নিরুত্তাপ। রাজধানীতে অধিকাংশ এলাকায় কোন প্রভাব পড়েনি। গতকাল বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করেছে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ব্যারিকেড ছিল অন্যদিনের মতই। তবে অন্যদিনের তুলনায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছিল বেশি। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সকাল থেকেই রাজ-ধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করেছে। সংখ্যায় কম হলেও রাস্তায় গণপরিবহন চলতে দেখা গেছে। ছাত্রদল কর্মীরা সকালে রাজধানীর ফকিরাপুলে হরতালের সমর্থনে মিছিল বের করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে ৬টার দিকে খিলগাঁও এলাকায় চার যুবককে আটক করা হয়। হরতালে বিশৃঙ্খলা এড়াতে গতকাল ভোর থেকেই রাজধানীর প্রতিটি সড়কে অবস্থান নেয় বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী। কোর্ট এলাকাতেও আগেরদিন থেকেই নেয়া হয় কঠোর নিরাপত্তা। গতকাল রাজধানীর পুরান ঢাকায় হরতালের সমর্থনে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কোতোয়ালী থানা ছাত্রদল সভাপতিসহ চারজনকে আটক করে। সকাল আটটার দিকে হরতালের সমর্থনে পুরান ঢাকার সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে ফরাশগঞ্জ এলাকায় মিছিল বের হয়। এ সময় হরতাল সমর্থকরা গাড়ি ভাংচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। সকাল সাড়ে আটটায় পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ব্যানারে মিছিল বের হয়। এ সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা তাদের ধাওয়া দেয়। তবে কাউকে আটক করা হয়নি। সকাল পৌনে দশটায় সূত্রাপুর থানা ছাত্রদল ডাইলপট্টি এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে। এ সময় হরতাল সমর্থনকারীরা রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে শ্লোগান দিতে থাকে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। সকাল সাড়ে এগারোটায় টিপু সুলতান রোড এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে যুবদল মিছিল বের করে। পরে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। দুপুর পৌনে বারোটায় কোতোয়ালী থানার শাঁখারীবাজার শনি মন্দিরের সামনে কোতোয়ালী থানা ছাত্রদল কর্মীরা হরতালের সমর্থনে জড়ো হয়। এ সময় পুলিশ সেখান থেকে কোতোয়ালী থানা ছাত্রদল সভাপতি মো. পারভেজ আলমকে (২৬) আটক করে থানায় নিয়ে যায়। দুপুর সাড়ে বারোটার দিকে গেন্ডারিয়া থানা ছাত্রদলের ব্যানারে হরতালের সমর্থনে মিছিল বের হয়। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ্য করে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদল কর্মী মো. পারভেজ, কালু ও জোবায়েরকে আটক করে। হরতালে বিভিন্ন স্থানে আটক ১১ গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দ্বিতীয় দিনের হরতাল পালিত হয়েছে। এ সময় ১১ জনকে আটক করা হয়েছে। খবর আমাদের অফিস প্রতিনিধি ও সংবাদদাতাদের। পিরোজপুর: বৃহস্পতিবার সকালে পিরোজপুরে বিএনপি-জামায়াতের পিকেটাররা শহরের বাইপাস সড়কের এলজিইডির সামনে এবং বড়পোল নামক স্থানে দুটি অটোরিকশা ভাংচুর করে। পিরোজপুর-হুলারহাট সড়কের রানীপুরে একটি পিকআপকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পিকআপের গ্লাস ভেঙ্গে যায়। এছাড়া বুধবার সন্ধ্যায় হরতাল সমর্থকরা পিরোজপুর-খুলনা সড়কের ১৬ শহর বিদ্যুত্ অফিসের সামনে দুটি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান ভাংচুর করে। পাবনা:বৃহস্পতিবার দুপুরে হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে ভাংচুর করা হয় দুটি অটোরিকশা। হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। মিছিলটি ইন্দারা মোড় এলাকা দিয়ে যাবার সময় দুটি অটোরিকশা ভাংচুর করা হয়। মিছিল শেষে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা, সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার প্রমুখ। সাতক্ষীরা:সাতক্ষীরায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। তবে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করার চেষ্টাকালে সকালে সাতক্ষীরা শহরের নারকেলতলা মোড় থেকে ছয় বিএনপি নেতাকর্মী ও এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। এদিকে এর আগে সকালে শহরের নিউমার্কেট মোড় থেকে হরতালের পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে ১৮ দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে হরতালে জেলার সবকটি সড়কে যান চলাচল বন্ধ থাকে। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্যবাহী কোন ট্রাক বন্দর ছেড়ে যায়নি। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): জামায়াত-শিবির কর্মীদের মহাসড়কের গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার উল্লাপাড়ায় হরতাল পালিত হয়। উল্লাপাড়া পৌরশহরের বগুড়া-নগরবাড়ী মহাসড়ক শ্রীকোলা মোড়ে সকাল ৭টা থেকে উপজেলা জামায়াত-শিবিরের কর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় মহাসড়কে সব ধরনের যানবাহন বন্ধ থাকে। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত খোলা থাকলেও উপস্থিতির সংখ্যা ছিল খুকই কম। হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমতলী (বরগুনা):হরতালে নাশকতা ও শান্তি ভঙ্গের আশঙ্কায় পুলিশ আমতলী উপজেলা বিএনপির সভাপতির পুত্র মো. রাহাত ফকির, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক কুদ্দুস দফাদার, বিএনপি কর্মী জাকির হোসেন ও শ্রমিক দলের কর্মী মো. রফিককে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চাটমোহর (পাবনা):পাবনার চাটমোহরে ১৮ দলীয় জোট আহূত হরতালের ১ম দিনে বুধবার সিএনজি চালিত টেম্পো ভাংচুরের ঘটনায় চাটমোহর পৌর বিএনপির সভাপতি এএম জাকারিয়া, পৌর মেয়র এইচ ইসলাম হীরা, বিএনপি নেতা লিখন বিশ্বাস, ছাত্রদল নেতা গোলাম, যুবদল নেতা সিন্টু, ছাত্রশিবির সভাপতি রবিউল করিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২ নেতাকর্মীর নামে চাটমোহর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার বাদি সিএনজি চালক ভাঙ্গুড়া উপজেলার নূরনগর গ্রামের রোস্তম আলীর ছেলে রইচ উদ্দিন। টঙ্গীবাড়ী:বুধবার রাতে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও আমজাদ আলী মহাবিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও জামায়াত শিবিরের সক্রিয় সদস্য মো. মামুন হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, মামুনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এছাড়া অভিযোগ রয়েছে বোর্ড পরীক্ষা চলাকালীন সে কলেজের ডিউটি ফাঁকি দিয়ে মুন্সীগঞ্জের হেফাজতের ইসলামের সমাবেশে যোগ দেয়। পটুয়াখালী:একাত্তরের মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় ঘোষণার পর গতকাল দুপুরে হরতালের শ্লোগান দিয়ে একদল শিবিরকর্মী শহরে ঝটিকা মিছিল করে। জেলা প্রশাসকের বাসভবনের পিছনের সড়কের ঝটিকা মোড়ে তারা কয়েকটি পটকা ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ পেট্রোল বোমার বোতল উদ্ধার করে। তাত্ক্ষণিকভাবে শহরে অভিযান চালিয়ে পুলিশ মাহতাব নামে এক শিবির কর্মীকে আটক করে। মাহতাবের বাড়ি রাজশাহী জেলায়।