জাতিসংঘের সহকারী মহাসচিব আজ আসছেন

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:৩৫
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতিনিধি হিসেবে উচ্চ পর্যায়ের মিশন চারদিনের সফরে আজ শুক্রবার ঢাকা আসছেন। জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর নেতৃত্বে পাঁচ সদস্যের এই বিশেষ মিশন মূলত আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সহায়ক পরিবেশ সৃষ্টি করা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের তাগিদ দেয়ার জন্য ঢাকা সফরে আসছে। অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে আরো থাকছেন সিনিয়র অ্যাডভাইজার হিতোকি ড্যান, বিশেষ সহকারী গিয়ানলুসা রামপলা, সংবিধান বিশেষজ্ঞ ম্যারি জোয়েল জাহার ও নির্বাচন বিষয়ক কর্মকর্তা ভেতলানা গলকিনা। আসন্ন নির্বাচনে কারিগরি সহায়তা প্রদান ও অন্যান্য ইস্যু নিয়ে জাতিসংঘ মহাসচিব এপ্রিলের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে পৃথকভাবে চিঠি দেন। চিঠিতে তার প্রতিনিধির এই সফর সম্পর্কে অবহিত করা হয়। কূটনৈতিক সূত্র জানায়, জাতিসংঘ সহকারী মহাসচিব চারদিনের সফরে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, সিনিয়র রাজনীতিক, বিদেশি কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। ফার্নান্দেজ তারানকো আজ শুক্রবার সকাল পৌনে নয়টায় মালদ্বীপ থেকে ঢাকা এসে পৌঁছাবেন। বিকালে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামীকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন। বিকালে সাক্ষাত্ করবেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। রবিবার সকালে যথাক্রমে পররাষ্ট্র সচিব শহীদুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা ড. গওহর রিজভী ও এইচ টি ইমাম, বিকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিনের সঙ্গে সাক্ষাত্ করবেন ফার্নান্দেজ তারানকো। সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সাক্ষাত্ করবেন। বিকাল পাঁচটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। রাত নয়টায় ঢাকা ত্যাগ করবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন গতকাল বৃহস্পতিবার ইত্তেফাক প্রতিনিধিকে টেলিফোনে জানান, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের এই সফর খুবই গুরুত্বপূর্ণ। মহাসচিব ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে চিঠি দিয়ে অবহিত করেন। বর্তমান সরকার যে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ তা মহাসচিব জানেন। নির্বাচনের জন্য কারিগরি সহায়তার পাশাপাশি আলাপ-আলোচনায় সহায়তা দেবে জাতিসংঘ। প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানকে জাতিসংঘ মহাসচিব ইতিবাচক দৃষ্টিতে দেখছে।