রানাসহ গার্মেন্টস মালিক পরিচালকদের ব্যাংক হিসাব তলব

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:৩৫
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় ভবনের মালিক সোহেল রানা ও ওই ভবনে অবস্থিত চার পোশাক কারখানার ২১ পরিচালকের পরিচালক হিসেবে এবং ব্যক্তিগতভাবে যেসব ব্যাংক হিসাব রয়েছে তার বিবরণ চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক হিসাবের স্থিতিসহ বিবরণী আগামী মঙ্গলবারের মধ্যে পাঠানোর জন্য সকল ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে। অন্যদিকে হাইকোর্টের নির্দেশের আলোকে এসব হিসাব থেকে আহত ও নিহত শ্রমিকদের বেতন-ভাতা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে টাকা উত্তোলন না করতে পারার জন্য গত ৩০ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক যে নির্দেশনা দিয়েছিল তাও বহাল থাকবে। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সকল তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে সোহেল রানা ছাড়া পরিচালক হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন নিউ ওয়েভ বটমস লিমিটেডের পরিচালক বজলুস সামাদ, মাহমুদুর রহমান, দেলোয়ার আহমেদ, এ আর আইয়ুব হোসেন ও মো. দেলোয়ার হোসেন। ফ্যান্টম এ্যাপারেলের পরিচালক নাজিম উদ্দিন, এবিএম সিদ্দিক, সুরাইয়া বেগম ও আলেয়া বেগম। ফ্যান্টম এ্যাপারেল ও ফ্যান্টম টেক লিমিটেডের পরিচালক আমিনুল ইসলাম। ফ্যান্টম টেক লিমিটেডের পরিচালক ডেভিড মেয়র রিকো, আমিরুল ইসলাম মাহমুদ। ইথার টেক্স লিমিটেডের পরিচালক আনিসুর রহমান, মাহবুবুল আলম, জেসমিন আলম বিভা, মোহাম্মদ নজরুল ইসলাম, মোসাম্মত্ মরিয়ম, জান্নাতুল ফোরদৌস, শফিকুল ইসলাম ভুঁইয়া, রফিকুল ইসলাম ও মনোয়ার হোসেন বিপ্লব।