কামারুজ্জামানের ফাঁসির রায়

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:৩৬
অভিযোগ প্রমাণিত : শেরপুরের সোহাগপুরে ১৬৪ জনকে হত্যা ও নারী ধর্ষণ মৃত্যুদণ্ড গোলাম মোস্তফা হত্যা মৃত্যুদণ্ড বদিউজ্জামানকে অপহরণ, নির্যাতন, হত্যা যাবজ্জীবন কারাদন্ড ছয়জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা যাবজ্জীবন কারাদণ্ড অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানকে নির্যাতন ১০ বছর কারাদণ্ড প্রমাণিত হয়নি : লিয়াকত, মুজিবুরসহ ৮ জনকে হত্যা খালাস টুনু হত্যা খালাস শেরপুরের সোহাগপুরে ১৬৪ জন নিরস্ত্র নাগরিককে হত্যা ও নারী ধর্ষণ এবং গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়ার আদেশ দেয়া হয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ রায় দেয়। ট্রাইব্যুনালে কামারুজ্জামানের বিরুদ্ধে আনীত সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এর মধ্যে বদিউজ্জামানকে অপহরণ করে নির্যাতন এবং পরে হত্যা এবং ব্রহ্মপুত্রের তীরে ছয় ব্যক্তিকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নান নামে এক শিক্ষককে নির্যাতনের ঘটনায় কামারুজ্জামানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এদিকে লিয়াকতসহ ৮ জনকে হত্যা এবং আরেকটি ঘটনায় টুনু নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় এ দুইটি অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, যেহেতু কামারুজ্জামানকে দুইটি অভিযোগে সর্বোচ্চ দণ্ড (মৃত্যুদণ্ড) দেয়া হয়েছে, সেহেতু অন্যান্য প্রমাণিত অপরাধে দণ্ড নির্ধারণ করা হলেও সর্বোচ্চ শাস্তি বহাল থাকলে তা কার্যকর হবে না। তবে এ রায়কে ‘অন্যায় বিচার (রং জাজমেন্ট)’ বলে অভিহিত করেছেন অভিযুক্ত কামারুজ্জামান। তিনি বলেন, এ অন্যায় বিচারের জন্য একদিন সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার পক্ষের প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তিনি বলেন, সেই সময়ের ১৮ বছরের তরুণের ওপর ময়মনসিংহ ও শেরপুরের সকল ঘটনার দায় চাপিয়ে দেয়া হয়েছে। অন্যদিকে এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রায়ে আমরা স্বস্তি পেয়েছি। জাতি আজ সঠিক বিচার পেয়েছে। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু বলেন, এ রায়ে পুরো দেশের মানুষের আশার প্রতিফলন ঘটেছে। গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন এবং সদস্য বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারক শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে গতকাল বেলা ১০টা ৪২ মিনিটে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলার চতুর্থ রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনাল-২-এর এজলাসে স্থান সংকুলান না হওয়ায় ট্রাইব্যুনাল-১-এর এজলাসে রায় ঘোষণার জন্য বিচারকরা আসেন বেলা ১১টা ১০ মিনিটে। বিচারকরা আসন গ্রহণের তিন মিনিট আগে কামারুজ্জামানকে কাঠগড়ায় আনা হয়। জনাকীর্ণ এজলাসে বিচারকরা আসন গ্রহণের পর বিচারপতি ওবায়দুল হাসান জানান, পুরো রায় ২১৫ পৃষ্ঠার। এতে ৬৫১টি অনুচ্ছেদ রয়েছে; কিন্তু পুরো রায় না পড়ে এর সারাংশ পড়া হবে। ৬২ পৃষ্ঠার এ সারাংশ পর্যায়ক্রমে তিন বিচারক পাঠ করেন। পিনপতন নীরবতায় বেলা ১১টা ২১ মিনিটে শুরু হয় সারাংশ রায় পড়া, শেষ হয় ২টা ১০ মিনিটে। আদেশের অংশ ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। রায়ের সারাংশে মামলার বিচার কার্যক্রম, অভিযোগ, রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষে যুক্তি, সাক্ষীদের বক্তব্য, বিচারকদের পর্যবেক্ষণ, সিদ্ধান্তের বিষয়গুলো উল্লেখ করা হয়। রায়ে বিশেষভাবে ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়। প্রসঙ্গত গত ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর বহিষ্কৃত রুকন পলাতক আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে সাঈদী ও বাচ্চুর মৃত্যুদণ্ড ও কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়। আর চারটি রায়ের মধ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২-এর এটি ছিলো তৃতীয় রায়। রায়ের আদেশে যা বলা হয় শেরপুর সদরের মুদিপাড়া গ্রামের ইনসান আলী সরকারের ছেলে মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের ১ (বদিউজ্জামান হত্যা), ২ (হান্নানকে নির্যাতন), ৩ (সোহাগপুরে ১৬৪ জনকে হত্যা), ৪ (গোলাম মোস্তফা হত্যা) ও ৭ নম্বর (৬ জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা) অভিযোগ প্রমাণিত হয়েছে। এজন্য তিন ও চার নম্বর অভিযোগে তাকে একক দণ্ড হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হলো। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ২০(২) ধারায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয়া হলো। এছাড়া এক ও সাত নম্বর অভিযোগে কামারুজ্জামানকে দোষী সাব্যস্ত করে এককদণ্ড হিসাবে ট্রাইব্যুনাল আইনের ২০(২) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ড দেয়ার আদেশ দেয় ট্রাইব্যুনাল; কিন্তু যেহেতু তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তাই স্বাভাবিক নিয়মেই তাকে যাবজ্জীবন ও ১০ বছর কারাদণ্ডের সাজা ভোগ করতে হবে না। এছাড়া দুইটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত না হওয়ায় তাকে অভিযোগ দুইটি থেকে খালাস দেয়া হলো। রায় ঘোষণার দিন থেকে শাস্তি কার্যকর হবে। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যপ্রণালী বিধি ৪৬(২) ধারা অনুযায়ী রায়ের দিন থেকেই কারাদণ্ডের মেয়াদ শুরু হবে। দণ্ডিত অপরাধীকে সাজা পরোয়ানা দিয়ে দণ্ড ভোগের জন্য কারাগারে পাঠাতে হবে। রায়ের এই কপি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। আদেশের আগে দণ্ড নির্ধারণের বিষয়ে বলা হয়, এক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করা হয়েছে। যেমন অভিযুক্তের অবস্থান, তার নেতৃত্বের অবস্থান, আল-বদর ক্যাম্পের সঙ্গে তার সম্পৃক্ততা ও তার প্রভাবিত করার ক্ষমতা, দুষ্কৃতকারীর সঙ্গী হিসাবে ভূমিকা, তার অপরাধের ক্ষেত্রে সহিংসতা ও অবমাননাকর দিক ও ভিকটিমদের অসহায়ত্ত। রায়ের এ অংশে বলা হয়, ক্ষতিগ্রস্ত পক্ষ আসামির সর্বোচ্চ শাস্তি যেমন দাবি করতে পারে, তেমনি আসামিপক্ষ খালাস দেয়ার দাবি করতে পারে; কিন্তু আদালতে আসামি দোষী প্রমাণিত হলে আসামিপক্ষের আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। আসামি কামারুজ্জামান নেতৃত্বদানের মাধ্যমে পরিস্থিতির অবনতি ঘটিয়েছেন। আমরা মনে করি, তিনি অপরাধ করেছিলেন এবং তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। রায়ে বলা হয়, হত্যাকারী হিসাবে অভিযুক্তের অপরাধের তীব্রতা মানবজাতির বিবেকের জন্য বড় আঘাতের ঘটনা। এছাড়া এক্ষেত্রে অপরাধ সংঘটনে অভিযুক্তের অংশগ্রহণের ধরন, অপরাধের তীব্রতার বিষয়টি বিবেচনা করা হয়েছে। শেরপুরের সোহাগ পল্লীতে নিরস্ত্র মানুষ হত্যার ঘটনায় অভিযুক্তের অংশগ্রহণ মানবতাবিরোধী অপরাধ। এখানে নারীদের উপর নির্যাতন করা হয়েছে। এ ঘটনার পর ঐসব নারী মানসিক আঘাত নিয়ে বেঁচে আছে। তিন নারী যারা ঐ দিনের ঘটনায় স্বামী হারিয়েছিলেন এবং ধর্ষণের শিকার হয়েছিলেন তারা এই চরম অসম্মানের জন্য ট্রাইব্যুনালে এসে ন্যায় বিচার চেয়েছেন। আইন তাদের দাবির কাছে সাড়া না দিয়ে পারে না। এসব বিবেচনায় তাকে সর্বোচ্চ শাস্তি না দেয়া হলে ন্যায় বিচার লঙ্ঘিত হবে। তাই এ দুইটি অভিযোগে দোষী সাব্যস্ত করে কামারুজ্জামানকে একক দণ্ড হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হলো। যে দুই অভিযোগে মৃত্যুদণ্ড একাত্তরের ২৫ জুলাই আল-বদর ও রাজাকাররা পাকিস্তানি সেনাদের নিয়ে শেরপুরের সোহাগপুর গ্রামে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় এবং নারী ধর্ষণ করে। সেদিন ওই গ্রামে রাজাকাররা ১৬৪ জনকে হত্যা করে। ওই ঘটনার পর থেকে সোহাগপুর গ্রাম ‘বিধবা পল্লী’ নামে পরিচিত। এ অভিযোগে বিচারকদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে রায়ে বলা হয়, এ অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষের ১১, ১২ ও ১৩তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্যে ধর্ষণের বিষয়টি প্রমাণ পেয়েছে। এক্ষেত্রে বৃহত্তর ময়মনসিংহের আল-বদরের নেতা হিসাবে কামারুজ্জামান পরামর্শকের ভূমিকা পালন করেছিলেন। তিনি তার কর্মকাণ্ড ও অনেক লোককে হত্যা এবং ধর্ষণের বিষয়ে জানতেন। কামারুজ্জামান একা এ অপরাধ না করলেও আলবদর বাহিনী দলগতভাবে এ অপরাধ করেছে। এর নেতৃত্বে ছিলেন কামারুজ্জামান। এ অভিযানের সময়, আগে ও পরে কামারুজ্জামান ভূমিকা রেখেছেন এটা সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। কামারুজ্জামানের পরামর্শক ও অনুমোদনের ভূমিকার জন্য মনে হয়েছে তিনি যেন একাই এ অপরাধ করেছিলেন। এজন্য তিনি যুদ্ধাপরাধ আইনের আওতায় অপরাধ করেছেন। একাত্তরের ২৩ আগস্ট কামারুজ্জামানের নির্দেশে আলবদর সদস্যরা গোলাম মোস্তফাকে ধরে সুরেন্দ্র মোহন সাহার বাড়িতে স্থাপিত আলবদর ক্যাম্পে নিয়ে যান। সেখানে কামারুজ্জামান ও আলবদররা তাকে গুলি করে হত্যা করেন। এ অভিযোগে বিচারকদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষের ২ ও ৫ নম্বর সাক্ষীর দেয়া সাক্ষ্যে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়, গোলাম মোস্তফা অপহূত হয়েছিলেন। আলবদরের সদস্যরা তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। মুক্তিযুদ্ধে ট্রেনিং নেয়ার কারণে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে আসামি উপস্থিত ছিলেন না—এ যুক্তি তাত্পর্যপূর্ণ হতে পারে না। এ ঘটনাবলীর সঙ্গে অভিযুক্ত জড়িত ছিলেন। গোলাম মোস্তফাকে হত্যার বিষয়ে তিনি অবগত ছিলেন। কামারুজ্জামানের ভূমিকা অনুযায়ী মনে হয়েছে, তিনি যেন একাই এ অপরাধ করেছিলেন। একজন নিরস্ত্র মানুষকে হত্যা মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে। যে দুুই অভিযোগে যাবজ্জীবন ১৯৭১ সালের ২৯ জুন সকালে কামারুজ্জামানের নেতৃত্বে আলবদররা শেরপুরের ঝিনাইগাতী থানার রামনগর গ্রামের বদিউজ্জামানকে অপহরণ করে আহম্মেদনগরে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যায়। সেখানে তাকে সারারাত নির্যাতন করে পরদিন হত্যা করে লাশ পানিতে ফেলে দেয়া হয়। এ অভিযোগে বিচারকদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে রায়ে বলা হয়, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে, অভিযুক্ত বৃহত্তর ময়মনসিংহের আলবদরের নেতা। আলবদরের সদস্যরা বদিউজ্জামানকে অপহরণ করে আর্মি ক্যাম্পে নিয়ে হত্যা করে। সত্য প্রমাণে এক্ষেত্রে শোনা সাক্ষীর উপর নির্ভর করতে হয়েছে। অভিযোগে বলা হয়নি, কামারুজ্জামান নিজে এ অপরাধ করেছেন। তবে কামারুজ্জামানের নেতৃত্বে পরিচালিত একটি দল বদিউজ্জামানকে ধরে আহম্মেদনগর ক্যাম্পে নিয়ে যায়। এটা বেসামরিক মানুষের উপর পরিকল্পিত হামলার অংশ ছিলো এবং অভিযুক্ত কামারুজ্জামান এ ঘটনার জন্য সহযোগিতা বা অনুমোদন দিয়েছিলেন এবং এ বিষয়ে তিনি অবগত ছিলেন। মুক্তিযুদ্ধকালে ২৭ রমজান কামারুজ্জামান আলবদর সদস্যদের নিয়ে ময়মনসিংহের গোলাপজান রোডের টেপা মিয়া ও তার বড় ছেলে জহুরুল ইসলাম দারাকে ধরে জেলা পরিষদের ডাকবাংলোয় আলবদর ক্যাম্পে নিয়ে যান। পরদিন সকালে আলবদররা ওই দু’জনসহ সাতজনকে ব্রহ্মপুত্রের তীরে নিয়ে হাত বেঁধে সারিতে দাঁড় করান। প্রথমে টেপা মিয়াকে বেয়নেট দিয়ে খোঁচাতে গেলে তিনি নদীতে ঝাঁপ দেন। আলবদররা গুলি করলে তার পায়ে লাগে। তবে তিনি পালাতে সক্ষম হন। কিন্তু অন্য ছয়জনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। এ অভিযোগে বিচারকদের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে রায়ে বলা হয়, দারাকে যে আলবদরের সদস্যরা হত্যা করে এ বিষয়টি প্রশ্নাতীতভাবে প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী জানান, অভিযুক্ত কামারুজ্জামান আগ্নেয়াস্ত্র নিয়ে আলবদর ক্যাম্পে বসে থাকতেন। ক্যাম্পে ধরে নেয়া দারাকে হত্যা করা হয়। তবে তার বাবা ক্যাম্প থেকে পালিয়ে যেতে সক্ষম হন। যে অভিযোগে ১০ বছর কারাদণ্ড দ্বিতীয় অভিযোগে কামারুজ্জামানকে ১০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযোগে বলা হয়, কামারুজ্জামান ও তার সহযোগীরা শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানকে প্রায় নগ্ন করে শহরের রাস্তায় হাঁটাতে হাঁটাতে চাবুকপেটা করেন। এ প্রসঙ্গে রায়ে বলা হয়, আলবদর ক্যাম্পে কামারুজ্জামান প্রভাবশালী ছিলেন। অভিযুক্তের জ্ঞাতসারে ও সহযোগিতায় এ ঘটনা ঘটেছিল। রাষ্ট্রপক্ষের ২ নম্বর সাক্ষী তার সাক্ষ্যে বলেন, অপরাধ সংগঠনে কামারুজ্জামানের অনুমোদন ও ইন্ধন ছিলো। এ কারণে অধ্যক্ষ হান্নান শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হন। যে দুই অভিযোগে খালাস পাঁচ ও ছয় নম্বর অভিযোগে কামারুজ্জামানকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায়ে বলা হয়, এ দুটি অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। পাঁচ নম্বর অভিযোগে বলা হয়, আটক ১১ জনের মধ্যে তিনজনকে মুক্তি দেয়া হয় এবং ৮ জনকে হত্যা করা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষের ১৪ তম সাক্ষী বলেছেন, সেদিন চার জনকে হত্যা করা হয়। এছাড়া ৭ ও ১৪ নম্বর সাক্ষীর সাক্ষ্যেও গরমিল ছিলো। ষষ্ঠ অভিযোগে বলা হয়েছে, একাত্তরের নভেম্বরে কামারুজ্জামানের নির্দেশে আলবদর সদস্যরা টুনু ও জাহাঙ্গীরকে ময়মনসিংহের জেলা পরিষদের ডাকবাংলোতে আলবদর ক্যাম্পে নিয়ে যান। টুনুকে সেখানে নির্যাতন করে হত্যা করা হয়। রায়ে বলা হয়, প্রত্যক্ষ, শোনা সাক্ষী বা অবস্থাগত সাক্ষ্যের মাধ্যমে অভিযুক্তের অংশগ্রহণের ধরন প্রমাণ করতে হবে। টুনুকে যে আলবদর সদস্যরা হত্যা করেছিলো সে বিষয়টি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। রাষ্ট্রপক্ষ এ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। মামলার বিচার প্রক্রিয়া ২০১০ সালের ২৯ জুলাই কামারুজ্জামানকে গ্রেফতার করা হয়। ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়। গত বছরের ৪ জুন এই ট্রাইব্যুনাল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ গঠন করেন। ১৫ জুলাই থেকে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ ১৮ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন, আসামিপক্ষে সাক্ষ্য দেন পাঁচজন। এ বছরের ২৪ মার্চ যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। গত ২ এপ্রিল থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে। ৩ থেকে ১৬ এপ্রিল ৪ কার্যদিবসে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন কামারুজ্জামানের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও আইনজীবী এহসান এ সিদ্দিকী। এছাড়া মামলা পরিচালনা করেন এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী। রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, ব্যারিস্টার তুরিন আফরোজ, অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা। ট্রাইব্যুনাল ঘিরে কড়া নিরাপত্তা এদিকে, রায়কে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ট্রাইব্যুনালকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন ও পুলিশের সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি এলিট ফোর্স সোয়াত বাহিনীও মোতায়েন করা হয়। এছাড়াও সাধারণ পোশাকে গোয়েন্দারাও ছিল সক্রিয়। নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়। গতকাল থেকেই ট্রাইব্যুনালের সবগুলো প্রবেশপথ ও আশপাশের পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। ট্রাইব্যুনালের মূল প্রবেশপথে অবস্থান নেয় বিজিবি’র সদস্যরা। আর র্যাব ও পুলিশ সদস্যরা ছিলেন শিশু একাডেমীর সামনে দিয়ে ট্রাইব্যুনালের দ্বিতীয় গেটসহ সংলগ্ন এলাকায়। এছাড়াও শিক্ষা ভবন, কদম ফোয়ারা, পুরোনো হাইকোর্ট ও দোয়েল চত্বরসহ পুরো এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। যেন কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন-শৃঙ্খলা ভঙ্গ না করতে পারে সেজন্যই এ ব্যবস্থা নেয়া হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান। ট্রাইব্যুনালে চলমান বিচারিক কার্যক্রম নির্বিঘ্ন ও এর সঙ্গে সংশি¬ষ্টদের সুরক্ষা দেয়ার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।