বুধবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ের ছোবলে খুলনার সুন্দরবন সংলগ্ন দাকোপ ও ডুমুরিয়া উপজেলার ২৫টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। রাত সোয়া ১২টার দিকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। এছাড়া শিলা বৃষ্টিতে প্রায় ৫০ কোটির টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে বুধবার শেষ রাতে কালবৈশাখী ঝড়ে বরগুনার পাথরঘাটার কালমেঘায় বসত বাড়ির নিচে চাপা পড়ে শিশুসহ একই পরিবারের তিনজন মারা গেছেন। বাগেরহাটের মংলা ও রামপাল উপজেলায় কালবৈশাখী ঝড়ে কাঁচা ঘরের মাটির দেয়াল চাপা পড়ে দুই সহোদর শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পনের জন। ঝড়ে এই দুই উপজেলার অন্তত এক হাজার দুইশত পঞ্চাশটি কাঁচা ঘর-বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
খুলনা অফিস: জানা গেছে, কালবৈশাখী ঝড়ের সময় শিলা বৃষ্টিতে দেশের তরমুজের জন্য বিখ্যাত দাকোপের বাজুয়া এলাকার তরমুজের ক্ষেত নষ্ট হয়ে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নের কাঁচা পাকা ৫ শতাধিক ঘর-বাড়ি ও বিভিন্ন শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়ে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাজুয়া ইউনিয়নে দেয়াল চাপায় দেলবার গাজী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দাকোপ ইউনিয়নে বজ্রপাতে শিশুবর (৬৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। লাউডোব ইউনিয়নে পশুর নদীতে মাছ ধরা অবস্থায় বজ্রপাতে হান্নান (৪৫) নামে এক জনের মৃত্যু ঘটেছে। খোলা ইউনিয়নে পারজয় নগর গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে মরিয়ম নামে (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।
এদিকে ডুমুরিয়া সংবাদদাতা জানান, গত বুধবার গভীর রাতে কালবৈশাখীর তান্ডবে ডুমুরিয়া উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ২৫টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ৫৭টি পরিবার।
পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটায় নিহতেরা হলেন, পূর্ব কালমেঘা জাকির হাওলাদারের স্ত্রী পারভীন (৩০), তার ননদ ছোট টেংরা গ্রামের ইব্রাহিমের স্ত্রী ফেরদৌসী (৩০) ও তার শিশু পুত্র ফয়সাল (৩)। ফেরদৌসী তার ছেলেসহ বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। রাত ৩টায় শুরু হওয়া প্রচন্ড ঝড়ে গোলপাতার ঘরটি ধসে পড়ে। এ সময় ঘরের আড়া ও খুঁটির নিচে চাপা পরে ঘটনাস্থলে তিনজন মারা যান।
বাগেরহাট:নিহতেরা হলেন, রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের বড় দুর্গাপুর গ্রামের জাহিদ হাওলাদারের দুই ছেলে সুমন হাওলাদার (৮) ও সোহান হাওলাদার (৪) এবং মংলা উপজেলার মইদাড়া গ্রামের প্রভাস মন্ডল (৬০)। বজ্রপাতে গুরুতর আহত মইদাড়া গ্রামের বঙ্কিম চন্দ্র রায়কে (৬০) মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝড়ে মংলা উপজেলার ছয়টি ইউনিয়নসহ মংলা পৌরসভা এলাকা এবং রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের সাপমারী, বড় দুর্গাপুর, চকঘোনা ও গোনাবেলাই গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে।
বানিয়াচং (হবিগঞ্জ): বানিয়াচংয়ে বুধবার গভীর রাতে ও বৃহস্পতিবার ভোরে দু’দফা কালবৈশাখী ঝড়ে প্রায় পাঁচ শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। খুঁটি ও তার ছিঁড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যুত্ বিভাগের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা সদরের চার ইউনিয়ন। ২০ জন আহত হয়েছেন।
বটিয়াঘাটায় লণ্ডভণ্ড ৩০ গ্রাম
বটিয়াঘাটা (খুলনা):কালবৈশাখী ঝড়ের তান্ডবে বটিয়াঘাটা উপজেলার ৩০টি গ্রামের সহস্রাধিক বসতবাড়ি, পোল্ট্রি ফার্ম ও বিভিন্ন জাতের বড় বড় গাছপালা ভেঙ্গে গেছে। নষ্ট হয়ে গেছে বহু জমির ফসল। ঝড়ের তাণ্ডবে খোলা আকাশের নিচে ঠাঁই নিতে বাধ্য হয়েছে শত শত পরিবার। উপজেলার বিভিন্ন হাট বাজারের অধিকাংশ দোকান ঘর এই ঝড়ে উড়ে গেছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ উড়ে যাওয়ায় পড়াশোনা বন্ধ হয়ে গেছে। কয়েকটি মসজিদের ছাদ উড়ে যাওয়ায় সেগুলোতে নামাজ আদায় বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গভীর রাতে ব্যাপক বজ্রপাত ও শিলা বৃষ্টির সঙ্গে কালবৈশাখী শুরু হলে মুহূর্তের মধ্যে জলমা, বটিয়াঘাটা, গঙ্গারামপুর, সুরখালী, ভান্ডারকোট, বালিয়াডাঙ্গা ও আমীরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘর-বাড়ি, পোল্ট্রি ফার্ম, দোকানপাট ও গাছ পালা ভেঙ্গে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় গঙ্গারামপুর ইউনিয়নের ১৬টি গ্রাম। গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গণি বিশ্বাস জানান, তার ইউনিয়নের কায়েমখোলা, হুলা, কাশিয়াডাঙ্গা, ডেউয়াতলা, ঝড়ভাঙ্গা, গোপালখালী, আমতলা, কাতিয়ানাংলা, গোন্দামারী, গোয়ালবাড়িয়া, কাটাখালী, বরণপাড়া, আন্ধারিয়া, টেংরামারি, মাছালিয়া, বৃত্তিশলুয়া, খলশিবুনিয়া, পারশলুয়া, তিতুখালী, বয়ারভাঙ্গা এবং দেবীতলা গ্রামের অগণিত বাড়ি-ঘর ধসে পড়েছে। বিভিন্ন পোল্ট্রি ফার্ম বিধ্বস্ত হয়ে অসংখ্য মুরগী মারা গেছে। উপজেলার ৭-৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ উড়ে গেছে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তিমনি চাকমা গতকাল সকালে বিভিন্ন গ্রামে পরিদর্শনে যান।
