১০০ শয্যার ভোলা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ব্যবস্থাপনাসহ দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন নানা প্রকার বাধা সৃষ্টি করা হচ্ছে। যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধী শক্তি ছিল তারা আবার মাথা উঁচু করে বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করছে। এই অপশক্তিকে আমাদের রুখতে হবে। গতকাল বৃহস্পতিবার ভোলা সদর হাসপাতাল কমপ্লেক্সে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মানিত অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এমপি বলেন, ৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভোলা সদর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এবার ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। নদী ভাঙ্গন থেকে ভোলাকে রক্ষার জন্য কাজ চলছে। গত ৫ মে’র হেফাজতের ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে তিনি বলেন, কোন মানুষ নয়, ইসলামের হেফাজত করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন। হেফাজত কয়েক হাজার দোকান পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। হেফাজতের সাথে যোগ দিয়েছে বিএনপি- জামায়াতের লোকজন।
সিভিল সার্জন ডা. ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, ডা. মো. আলাউদ্দিন প্রমুখ।
