হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী রবিবারের হরতাল স্থগিতের ঘোষণা দিয়েছেন বলে গতকাল বৃহস্পতিবার হেফাজতে ইসলামের এক বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, একটি চিহ্নিত মহল পবিত্র কুরআন পোড়ানোর মত জঘন্য নিন্দনীয় ও অমার্জনীয় অপরাধ নিজেরা ঘটিয়ে তার দায়ভার হেফাজতে ইসলামের উপর চাপানোর ঘৃণ্যতম অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপপ্রচারকারীরা এতটুকুও ভাবল না যে, যারা আল্লাহ, রাসূল (সা.), পবিত্র কুরআনের অবমাননার বিরুদ্ধে এবং ইসলামের ইজ্জত রক্ষায় সর্বস্ব ত্যাগ করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছে, তাদের দ্বারা এমন জঘন্য কাজের কল্প নাটক জনগণ কখনো বিশ্বাস করবে না। হেফাজতে ইসলাম এরূপ অপপ্রচারের তীব্র নিন্দা প্রকাশ করছে এবং এহেন ন্যাক্কারজনক ঘটনার সাথে যে বা যারাই সম্পৃক্ত থাকুক না কেন, সুষ্ঠু তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তির দাবি করছে।
বিবৃতিতে আল্লামা আহমদ শফী ঈমান-আক্বীদা রক্ষার চলমান আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাতের জন্য আজ শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার জন্য আহ্বান জানান।
বিবৃতিতে আল্লামা আহমদ শফী দেশব্যাপী বিভিন্ন মাদ্রাসায় হামলা-মামলা, দমন-পীড়ন, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং পাশাপাশি উলামায়ে কেরাম, মসজিদের ইমাম-খতীব, মাদ্রাসার শিক্ষক-ছাত্রসহ সকল তৌহিদী জনতাকে নির্বিঘ্নে চলাচল ও কর্মতত্পরতায় সকল প্রতিবন্ধকতা অপসারণসহ নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, হেফাজতে ইসলাম একটি ইসলামী অরাজনৈতিক সংগঠন বিধায় প্রতিষ্ঠালগ্ন থেকেই অহিংস কর্মসূচি চালিয়ে আসছে। গত ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচিও ছিল অহিংস ও অত্যন্ত সুশৃঙ্খল। যার নজির ইতিপূর্বে ৬ এপ্রিল এর লংমার্চ পরবর্তী মহাসমাবেশসহ সকল জেলা ও বিভাগীয় সমাবেশে দেখিয়ে আসছে। গত ৫ তারিখ শান্তিপূর্ণ অবরোধ পরবর্তী সমাবেশ চলাকালীন সময়ে রাজধানীর বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক এর এটিএম বুথে লুটতরাজ ও অগ্নিসংযোগসহ সড়কের অসংখ্য গাছ নিধন হেফাজতে ইসলামের কোন নেতাকর্মী দ্বারা সংঘটিত হয়নি এবং কোন নেতাকর্মী এর সাথে সম্পৃক্তও নয়। বরং হেফাজতের এই অহিংস কর্মসূচিকে কলুষিত করার জন্যে বিশেষ একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনা ঘটিয়ে তার দায়ভার হেফাজতের ঘাড়ে চাপিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে।
