পল্টনে পুলিশ-হেফাজত সংঘর্ষে আহত সাংবাদিকের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০১৩, ২২:৩৮
রাজধানীর পল্টনে পুলিশ ও হেফাজতে ইসলামের মধ্যে সংঘর্ষে আহত আরো একজন মারা গেছেন। তার নাম ফারহান রাজা (৩০)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শান্তিবাগে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রথম ভোর পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ছিলেন। গতকাল দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে লাশ গ্রহণ করেন ফারহান রাজার বড় ভাই ফেরদৌস আহমেদ। মর্গে ফেরদৌস আহমেদ জানান, তার ভাই দৈনিক প্রথম ভোর পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ছিলেন। গত রবিবার তার ভাই অন্য একটি পত্রিকার জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ার জন্য ঢাকায় আসেন। দুপুরে পল্টনে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। গত রবিবার পল্টন ও শাপলা চত্বরে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষে আহতদের মধ্যে এ নিয়ে ৩ জন মারা গেলেন।