মিরপুর ১ নম্বর সেকশনের সরকারি বাংলা কলেজের পাশে তুং হাই গার্মেন্টসে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালিক ও পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ আটজনের মৃত্যু হয়েছে। শ্রমিকদের ছুটি দিয়ে মালিক (ব্যবস্থাপনা পরিচালক) ও বিজিএমইএর পরিচালক মাহবুবুর রহমান, তার বন্ধু অতিরিক্ত ডিআইজি জেডএ মোর্শেদসহ কথা বলছিলেন। গার্মেন্টস ছুটির পর প্রতিদিনের মতো ১০তলায় নিজ অফিসে ব্যবসায় কিংবা হোমনা উপজেলার নিজ এলাকায় রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করছিলেন। অগ্নিকাণ্ডে মাহবুবুর রহমানের অফিসে উপস্থিত সকলেই মারা যান। সকলে ধোঁয়ায় আটকে পড়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে সিঁড়িতে মারা যান। তারা বাঁচার চেষ্টা করেছিলেন। সম্প্রতি অতিরিক্ত ডিআইজি বিদেশ থেকে বাইপাস সার্জারি করেছিলেন। তারা ১০তলা অফিস কক্ষে বসে থাকলে মারা যেতেন না কিংবা আগুন লাগছে তাও টের পেতেন না বলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা প্রাথমিক তদন্তে গিয়ে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, আগুন লাগলে ধৈর্য ও সাবধানতা অবলম্বন না করে হুড়াহুড়ি করে নামতে গেলে অকালে জীবন হারাতে হয়। অতিরিক্ত ডিআইজি জেডএ মোর্শেদের মৃত্যুতে পুলিশ হেড কোয়ার্টার্সসহ সমগ্র পুলিশ প্রশাসনে শোকের ছায়া নেমে আসে। প্রশাসনে তার বন্ধুসুলভ আচরণের কথা সহকর্মীরা বার বার উল্লেখ করেন। এদিকে কুমিল্লা জেলার হোমনা উপজেলার দানশীল ও ভদ্র-নম্র বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুর রহমান সিআইপির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনে হোমনা-তিতাস এলাকার আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে ব্যাপক প্রচার চালাচ্ছিলেন। তিনি ব্রাদার্স ইউনিয়নের নির্বাহী কমিটির সহ-সভাপতি ছিলেন। বিজিএমইএ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ছিল শোক। গার্মেন্টসে শ্রমিকদের শ্রমিকবান্ধব হিসেবে মাহবুবুর রহমান ছিলেন তাদের অতি প্রিয় মালিক।
অগ্নিকাণ্ডে নিহত অন্যরা হচ্ছেন:কুমিল্লা উত্তরের যুবলীগের সভাপতি সোহেল মোস্তফা স্বপন, ব্যবসায়ী এমদাদুর রহমান বাদল (৪০), অতিরিক্ত ডিআইজির গাড়ির চালক কনস্টেবল রিপন চাকমা (৩২), তুং হাইয়ের কর্মকর্তা নাজমুল (৪৫), অফিস সহকারী শাহাবুুদ্দিন (২৮) ও অজ্ঞাত পরিচয় একজন রং মিস্ত্রি (৪৫)।
যেভাবে আগুন লাগে
প্রতিদিনের মতো সন্ধ্যায় গার্মেন্টস ছুটি হয়। ১১তলা ভবনের তুং হাই গ্রুপের গার্মেন্টস প্রতিষ্ঠানে প্রায় ২২০০ শ্রমিক কাজ করেন। ছুটির পর শ্রমিকরা চলে যান। ১০ তলায় মালিক তার ব্যবসায়িক ও অন্যান্য কার্যক্রম নিয়ে মিটিং করেন। ঐদিন তিনি মিটিং করেন এবং ঘনিষ্ঠ বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন। রাত সোয়া ১১টায় ভবনের তিনতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে জানান, বন্ধ কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ তলায় নতুন সোয়েটার আয়রনের জন্য রাখা হয়। কক্ষটি সোয়েটারে ভর্তি ছিল। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত মেইন রাস্তা থেকে একটি মাত্র রাস্তা দিয়ে গার্মেন্টসে প্রবেশ করে। দুইটি গাড়ি এক সঙ্গে যাতায়াতে সমস্যা হয়। এ রাস্তার দুই পাশে তুং হাই গার্মেন্টস ছাড়া বেশ কয়েকটি গার্মেন্টস রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রথমে পানির সংকটে পড়েন বলে এক কর্মকর্তা জানান। পাশে ওয়াসা থেকে পানি দিতে চায়নি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। সেখানে বিপুল সংখ্যক গার্মেন্টসকর্মীসহ বাসিন্দাদের উপস্থিতি ঘটে।
গার্মেন্টসের নিচ থেকে পানির ব্যবস্থা করে ফায়ার সার্ভিস অভিযান শুরু করে। তারা চারিদিক দিয়ে পানি নিক্ষেপ করে আগুন অন্যান্য কক্ষে ছড়াতে না পেরে সেই কাজ করেন। তাতে সফল হয়েছেন ফায়ার কর্মীরা। সংবাদ পেয়ে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ও মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদসহ শীর্ষ পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তা ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিস একটানা ২ ঘন্টা অভিযান চালিয়ে রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের স্ফুলিঙ্গ অনেক দূর থেকে দেখা গেছে। নিচতলায় গোডাউন ও প্রাথমিক চিকিত্সা কেন্দ্র রয়েছে। দোতলায় গোডাউন, তিনতলায় আয়রন ও গুদাম, ৪র্থ তলায় সুইং এবং অন্যান্য তলায় মেশিনপত্র রয়েছে। শুধু ১০তলায় গার্মেন্টস ও মালিকের অফিস।
যেভাবে উদ্ধার করা হয়
আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মীরা ভবনে ঢুকে আটকা পড়া মালিক ও শীর্ষ কর্মকর্তাসহ ৮ জনকে উদ্ধারে অনুসন্ধান শুরু করেন। মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে পুলিশ অনুসন্ধান কাজে অংশগ্রহণ করেন। ৯তলায় গিয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি জেডএ মোর্শেদ ও গার্মেন্টস মালিক মাহবুবুর রহমানকে সংজ্ঞাহীন অবস্থায় তারা উদ্ধার করেন। বাকিদের ৭তলা ও ৮তলা থেকে উদ্ধার করা হয়। তারা ঘটনাস্থলে মারা যান। অতিরিক্ত ডিআইজি জেডএ মোর্শেদ স্কয়ার হাসপাতালে ও মালিক মাহবুবুর রহমানকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন। রাতে অতিরিক্ত ডিআইজির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শীর্ষ কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তা হাসপাতালে ছুটে যান। বিজিএমইএর নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক গার্মেন্টস মালিক মাহবুবুর রহমানের মৃত্যুর কথা শুনে হাসপাতালে যান।
তারা বাঁচার জন্য চেষ্টা করেন
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে অতিরিক্ত ডিআইজি ও মালিক মাহবুবসহ ৮ জন ১০ তলার অফিস থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে গিয়েছিলেন। প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা ৭তলা পর্যন্ত গিয়ে আবার উপরে উঠেন। ছাদের উপরে যাওয়ার চেষ্টা করেছিলেন মালিক ও শীর্ষ পুলিশ কর্মকর্তা। চালক পুলিশ কনস্টেবল রিপন চাকমা স্যারের সঙ্গে ছিলেন। মালিক মাহবুব ও অতিরিক্ত ডিআইজি মোর্শেদ ছাদে যাওয়ার চেষ্টা করলে ছাদে যাওয়ার গেট তালা বন্ধ থাকায় তারা পুনরায় নিচে নামেন।
তুং হাই গার্মেন্টস নির্বাহী পরিচালক এহসানুর রহমান জানান, তুং হাই গ্রুপের আরও একটি গার্মেন্টস আশুলিয়ায় রয়েছে। অন্যান্য দিনের মতো ঘটনার দিন সন্ধ্যা ৭টায় ছুটির পর গার্মেন্টসের প্রতিটি কক্ষ তালা বন্ধ করে দেয়া হয়। বেতন দেন প্রতিমাসের ৭ তারিখ। ঐদিন ছুটি থাকলেও অপরাহ্নে মালিক মাহবুব শ্রমিক বেতন দেয়ার জন্য একদিন আগে জানিয়েছেন। সুপারভাইজার আশরাফুল ইসলাম, শ্রমিক রাজু আহমেদ ও রুবেলসহ বেশ কিছুসংখ্যক কর্মী কাঁদছিলেন। তারা এ প্রতিনিধিকে জানান, এ ধরনের শ্রমিক-বান্ধব গার্মেন্টস মালিক নেই। তিনি সন্তানের মত শ্রমিকদের খোঁজ-খবর নিতেন বলে তারা জানান। মেডিক্যাল অফিসার ডাঃ জেড এ মতিন আল হেলালও একই মতামত দেন। অতিরিক্ত ডিআইজি মোর্শেদ এ গার্মেন্টসের কোন শেয়ার হোল্ডার কিনা এ প্রশ্নে নির্বাহী পরিচালক জানান, অতিরিক্ত ডিআইজি গর্মেন্টস মালিকের ঘনিষ্ঠ বন্ধু। তিনি মাঝে মাঝে এখানে আসেন। তার জানামতে অতিরিক্ত ডিআইজি এ গার্মেন্টসের কোন শেয়ার হোল্ডার নয়।
অতিরিক্ত ডিআইজি মোর্শেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্ম সচিবের (পুলিশ) সঙ্গে কাজ করেন। মৃত্যুকালে তিনি মা, এক ভাই, তিন বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৬৪ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে সহকারি পুলিশ সুপার পদে পুলিশ সার্ভিসে যোগদান করেন। অত্যন্ত দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে পুলিশ বিভাগে তার সুনাম ছিল। গতকাল তার কর্মস্থল পুলিশ হেড কোয়ার্টার্সে শীর্ষ ও তার অধীনস্থ কর্মকর্তারা বসার কক্ষটি এক নজর দেখতে যান। অনেকে স্যারকে আর দেখা যাবে না বলে চোখের পানি ছেড়ে দেন। বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন মসজিদে অতিরিক্ত ডিআইজি মোর্শেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ মহীউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুশতাক আহমেদ, পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মোঃ শহীদ খান, পুলিশের সকল স্তরের কর্মকর্তা, আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে তার লাশ পুলিশ হেডকোয়ার্টার্সে বেলা ২টায় নেয়া হয়। দীর্ঘদিনের সহকর্মী, কর্মকর্তা ও কর্মচারিগণ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। পুরা হেডকোয়ার্টার্সে নেমে আসে শোকের ছায়া। গুলশান আজাদ মসজিদে বাদ আসর দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পুলিশের আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন পৃথক শোক প্রকাশ করেন।
মালিক মাহবুবুর রহমানের নামাজে জানাজা বাদ জোহর মিরপুর বাংলা কলেজে অনুষ্ঠিত হয়। বিজিএমইএর নেতৃবৃন্দ, গার্মেন্টস মালিকগণ, নিজ গার্মেন্টস কর্মকর্তা, শ্রমিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক লোক জানাজায় অংশগ্রহণ করেন। সেখান থেকে তার লাশ ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাসায় নেয়। তার স্ত্রী তুং হাই গ্রুপের চেয়ারম্যান মুনজুয়ারা বেগম, ২ মেয়ে ও ১ ছেলে কফিন জড়িয়ে ধরলে আহাজারিতে এক হূদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
তুং হাই গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ঢাকা বিভাগ) জহিরুল আমিনের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সাত কর্মদিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ মাহবুব বলেন, তুং হাই গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট। ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকার। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তুং হাই গার্মেন্টসের সিসি ক্যামেরার মূল মনিটর পরীক্ষার জন্য মহানগর গোয়েন্দা পুলিশ জব্দ করেছে। এছাড়া সিআইডি পুলিশের একটি দল অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। এসকল বিষয় পরীক্ষা করে কর্মকর্তাসহ দেখবেন যে, সাধারণ অগ্নিকাণ্ড অথবা নাশকতা করা হয়েছে কিনা।
দাউদকান্দিতে শোকের ছায়া
দাউদকান্দি সংবাদদাতা জানান, বিশিষ্ট ব্যবসায়ি ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগ সভাপতি সোহেল মোস্তফা স্বপন এর মৃত্যুতে দাউদকান্দি, হোমনা, তিতাস ও মেঘনা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার সোহেল মোস্তফা স্বপনকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রায়পুরে তাদের নিজ নিজ গ্রামে দাফন করা হবে।
হোমনা সংবাদদাতা জানান, আলহাজ্ব মাহবুবুর রহমান সিআইপির মৃত্যুতে হোমনায় শোকের ছায়া নেমে আসে । তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) এর আওয়ামী লীগ থেকে নির্বাচন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে ব্যাপক তত্পর ছিলেন। তিনি হোমনা উপজেলার শোভারামপুর গ্রামের মৌলভী আঃ কুদ্দুসের পুত্র।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এমপি ও উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ। আজ শুক্রবার তিতাস উপজেলায় বেলা ১১টায় এবং বিকাল ৩টায় হোমনা উপজেলা পরিষদ মাঠে নামাজে জানানা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে ।
গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক, ব্রাদার্স ইউনিয়নের নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ফুটবল কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমানের অকাল মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিসহ নির্বাহী কমিটির কর্মকর্তাগণ, বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি ও বাফুফে’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিক শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
