জামালপুর জেলার নদী তীরবর্তী চরাঞ্চলের সুবিধা-বঞ্চিত হতদরিদ্র নারীরা মরিচ চাষ,গাভী পালন ও সেলাইয়ের কাজ করে জীবনযাত্রায় লক্ষণীয় পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। জামালপুর জেলার চরাঞ্চলের হতদরিদ্র নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অক্সফামের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণচেতনা ২০১০ সাল থেকে রি-কল প্রকল্পের কাজ শুরু করেন। ওই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক পরিবার প্রধানের সমন্বয়ে গ্রামভিত্তিক উন্নয়ন সংগঠন এবং শুধুমাত্র নারীদের নিয়ে নারী ফোরাম গঠন করা হয়।
নারীদের সক্ষমতা বৃদ্ধি, নারী নেতৃত্বের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার বাস্তবায়নের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় রি-কল প্রকল্পে। নারীদের আয় বৃদ্ধির লক্ষ্যে নারী ফোরামের মাধ্যমে শুরু করা হয় মরিচ চাষ, গড়ে তোলা হয় মিনি দুগ্ধ খামার, ঘরে ঘরে চলে সেলাই মেশিনের কাজ। চরাঞ্চলের নারীদের উত্পাদিত এসব পণ্য বিক্রয়ের জন্য রি-কল প্রকল্পের সহযোগিতায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সমঝোতা কর্মশালার আয়োজন করা হয়।
জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলের উত্পাদিত মরিচ ও গাভীর দুধ এখন সরবরাহ করা হচ্ছে দেশীয় বিভিন্ন নামি কোম্পানিতে। ওইসব কোম্পানি গ্রামের নারী উত্পাদকদের সাথে উত্পাদন চুক্তির ভিত্তিতে মরিচ কিনে গুঁড়ো মসলা তৈরি করছেন। গ্রামাঞ্চলের উত্পাদিত গুণগত মানসম্পন্ন মরিচ স্বাস্থ্যসম্মত উপায়ে গ্রামীণ নারীরা যত্নসহকারে সংরক্ষণ করায় কোম্পানিগুলো চরাঞ্চলের মরিচ ক্রয়ে ঝুঁকে পড়েছে।
গণচেতনার রি-কল প্রকল্পের সহায়তায় গ্রামীণ নারীরা বৈজ্ঞানিক পদ্ধতিতে মরিচ চাষে প্রশিক্ষিত হয়। এরপর থেকেই ঐসব নারীরা অন্যের কাছ থেকে জমি বর্গা নিয়ে নিজেরাই মরিচ চাষ শুরু করে। মরিচ চাষের পাশাপাশি অনেক মহিলাকে গাভী পালন ও ভুট্টা চাষের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব নারী গ্রামে গ্রামে গড়ে তুলেছে মিনি দুগ্ধ খামার। তাদের মিনি দুগ্ধ খামারে উত্পাদিত দুধ মিল্কভিটা কোম্পানিতে সরবরাহ করা হচ্ছে। অশিক্ষিত, অবহেলিত ও নির্যাতিত এসব গ্রামীণ নারীকে ৩০টি গ্রামভিত্তিক সিবিও কমিটি গঠন ও ৩০টি নারী উত্পাদক দলের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা গ্রামের শিখা বেগমকে প্রশিক্ষণ দিয়ে ৭ হাজার টাকা ও সেলাই মেশিন দেয়ার পর শিখা বেগম সেই সেলাই মেশিন দিয়ে ঘরে বসেই আর্থিক সচ্ছলতা অর্জন করতে সক্ষম হয়েছে । শিখা এখন ছনের ঘরের পরিবর্তে টিনের ঘর তৈরি করেছে।
