ত্রিশালে ২২ প্রাথমিক বিদ্যালয়ে দুপুরে খাবার বিতরণ

আপডেট : ১০ মে ২০১৩, ১৯:০৭
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ২টি ইউনিয়নে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় হাজার চারশ’ পাঁচজন শিক্ষার্থীকে দুপুরে রান্নাকরা গরম পুষ্টিকর খাবার দেয়া হচ্ছে। বাঁচতে শেখা স্কুল নিউট্রিশন প্রোগ্রামের আওতায় প্রাথমিক স্তরের পুষ্টিহীন শিশুদের পুষ্টির চাহিদা পূরণে এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা। গত জুনে শুরু হওয়া কর্মসূচিটি বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং দুবাই কেয়ারস ও গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর আর্থিক সহযোগিতায় চলছে। বাঁচতে শেখার উদ্যোগে বাস্তবায়ন হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিহীন শিক্ষার্থীরা একদিকে পুষ্টিসম্পন্ন খাবার পাচ্ছে। এছাড়া এ খাবারের ফলে স্কুলে নিয়মিত উপস্থিত নিশ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। একই সংগে শিক্ষার্থীরা স্কুলের ক্লাসে মনোযোগী হচ্ছে এবং ভাল রেজাল্ট করছে। সপ্তাহে তিনদিন ৭০৫ কিলো ক্যালোরী ও ১৯ গ্রাম প্রোটিন শক্তি মানের বাদাম, ছোলামিশ্রিত সবজি খিচুড়ি, তিনদিন ৭১৫ কিলো ক্যালোরী ও ২০ প্রোটিন শক্তি মানের সবজি ভাত এবং প্রত্যেক মাসের শেষ তারিখে ৭৩৩ কিলো ক্যালোরী ও ২০ গ্রাম প্রোটিন শক্তি মানের চিকেন বিরিয়ানী পরিবেশন করা হয়। বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গমেজ, সহকারী নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও, পরিচালক নজরুল ইসলাম ও প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ মফিজুল হক এ প্রকল্পের সাফল্যে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, এ প্রকল্পের মূল লক্ষ্য সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, পুষ্টিহীনতা দূর করা এবং দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখা। গতকাল ৩০ এপ্রিল ২০১৩ তারিখ রোজ মঙ্গলবার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর বাজার ও গোলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় স্কুলের ভিতরে সারিবদ্ধ অবস্থায় বসে শিক্ষার্থীরা রান্না করা গরম চিকেন বিরিয়ানী আনন্দ-উত্সাহ নিয়ে খাচ্ছে।