তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেছেন, পিতা-মাতা তথা অভিভাবকদের আন্তরিকতা ও সদিচ্ছা ব্যতীত বাল্যবিবাহ শুধুমাত্র আইনের ভয় দেখিয়ে বন্ধ করা সম্ভব নয়। আইনী শাসনের পাশাপাশি এর কুফল সমাজ থেকে মুছে দিতে গণজাগরণ সৃষ্টি করা প্রয়োজন। তিনি বলেন, বাল্যবিবাহের কারণে মা ও শিশু রুগ্ন হয়ে পড়ছে এবং জাতি মেধাশূন্য হচ্ছে। যার ফলে পারিবারিক, সামাজিক অশান্তি ও অস্থিরতা বাড়ছে। নারী নির্যাতনের মাত্রা কমিয়ে আনতে সমাজ থেকে বাল্যবিবাহের প্রবণতা মুছে ফেলতে বিশেষ করে নিকাহ রেজিস্ট্রারদের অধিক আন্তরিক ও কঠোর ভূমিকা পালনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি এই ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে কিশোরী মেয়েদের রক্ষার্থে কাজী, পুরোহিত, ইমাম, ঘটক, শিক্ষক, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বেসরকারি সংস্থাসমূহ সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার সকাল ১১টায় তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে নিকাহ রেজিস্ট্রারদের সঙ্গে বিবাহ নিবন্ধনকালীন জন্ম নিবন্ধন সনদপত্র বা জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বেসরকারি সংস্থা পরিত্রাণ ও অগ্রগতি সংস্থার নারী অধিকার ও নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা প্রকল্পের অধীনে জেন্ডার চেঞ্জ এ্যাকটিভ (জিসিএ) তালা উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জিসিএর সভাপতি শেখ রিয়াজুল ইসলাম।
অগ্রগতি সংস্থার স্টুডেন্ট ফোরামের অধীশ দাসের পরিচালনায় ও দাতা সংস্থা সুইফট্ নেটওয়ার্ক খুলনা ও স্টেপস্ ডেভেলপমেন্ট ঢাকার সহযোগিতায় উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা সদর ইউপি চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ওবায়েদুল হক, উপজেলা মহিলাবিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার ও সুইফট্ নেটওয়ার্কের প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম। এছাড়া পরিত্রাণ সংস্থার ফোকাল পার্সন মোঃ আবুল হোসেন, মোঃ আলাউদ্দীন, চম্পা সরকার ও সাংবাদিক আব্দুল আলীম সভায় বক্তৃতা করেন।
