জাতিসংঘের ওয়ার্ল্ড ওয়াটার এসেসমেন্ট প্রোগ্রাম ইউনিট থেকে ‘ওয়াটার ফর লাইফ’ বেস্ট প্রাকটিসেস এওয়ার্ড-২০১৩ লাভ করেছে বাংলাদেশের বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র-ডর্প। ‘স্বাস্থ্যগ্রামঃ ওয়াশ বাজেট পরিবীক্ষণ’ কার্যক্রম উদ্ভাবন ও অনুশীলন উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ডর্প এ পুরস্কার লাভ করে। ২৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় ডর্প-এর গবেষণা প্রধান মোহাম্মদ যোবায়ের হাসান এওয়ার্ডপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ক্যারিবীয়, নর্থ আমেরিকা, ওশেনিয়াসহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ‘পানি’ বিষয়ক কার্যক্রম বাস্তবায়নরত ৪৬টি প্রতিষ্ঠান নিজ-নিজ বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরার এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে বাংলাদেশের একমাত্র সংস্থা ডর্প বি ক্যাটাগরিতে তৃতীয় স্থান লাভ করে এ সম্মানজনক এওয়ার্ড অর্জন করেছে’।
ডর্প পানি, স্যানিটেশন ও হাইজিনবিষয়ক ‘স্বাস্থ্যগ্রামঃ ওয়াশ পরিবীক্ষণ প্রেক্ষিত’ কার্যক্রম বাংলাদেশের উপকূলীয়, হাওর, চর ও বন্যাপ্রবণ এলাকা বরগুনা, বাগেরহাট, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জ জেলার ৬টি উপজেলায় বাস্তবায়ন করছে। উল্লেখ্য, ডর্প ২০০৫ সাল থেকে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর পানি, স্যানিটেশন ও হাইজিনবিষয়ক অধিকার প্রতিষ্ঠা ও এক্ষেত্রে অর্থ খরচে স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে উদ্ভাবনীমূলক এই স্বাস্থ্যগ্রাম কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এ কার্যক্রম বাস্তবায়ন করায় ডর্প ২০০৬ সালে সাউথ অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি থেকে চ্যান্সেলর এওয়ার্ড লাভ করে।
