সামপ্রতিক সময়ে বাংলাদেশের শেয়ারবাজারে যে ‘বাবল’ ও ধ্বস ঘটে
গেল তার কারণ বিশ্লেষণ করার পাশাপাশি সামনে যেন এ ধরনের ঘটনা
আর ঘটতে না পারে সে জন্য সরকারের উচিত যথাযথ করণীয় নির্ধারণ
করে তা পালন করা। বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থাকে সদূরপ্রসারি চিন্তা
করতে হবে। যথাযথ সিদ্ধান্ত নিতে হবে যথোপযুক্ত সময়ে
একটি দেশের অর্থনীতিতে শেয়ারবাজারের গুরুত্ব অস্বীকার করা যাবে না। শিল্পে দীর্ঘমেয়াদি ঋণ কিংবা মূলধন সংগ্রহে ব্যাংকের বাইরে শেয়ারবাজারই সবচেয়ে বেশি অবদান রাখে। তাই পুঁজিবাজারে বড় ধরনের অস্থিতিশীলতা দেখা দিলে তা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এ ক্ষতি হতে পারে কয়েকটি মাধ্যমে। প্রথমত, শেয়ারবাজারে বিনিয়োগ করায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির মুনাফার উপর সরাসরি প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত, ব্যাক্তি ও প্রতিষ্ঠানের বিনিয়োগ ক্ষতির মুখে পড়ায় তাদের আয়, সরকারের আয় এবং দেশের সামষ্টিক চাহিদার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। রাজনীতিতেও এর প্রভাব রয়েছে।
সামপ্রতিক সময়ে বাংলাদেশের শেয়ারবাজারে যে ‘বাবল’ (কৃত্রিমভাবে দর বাড়ানো) ও ধ্বস ঘটে গেল তার কারণ বিশ্লেষণ করার পাশাপাশি সামনে যেন এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে সে জন্য সরকারের উচিত যথাযথ করণীয় নির্ধারণ করে তা পালন করা। বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থাকে সদূরপ্রসারি চিন্তা করতে হবে। যথাযথ সিদ্ধান্ত নিতে হবে যথোপযুক্ত সময়ে। অন্যথায় শেয়ারবাজার অস্থিতিশীলতার প্রবণতা থেকে বের হওয়া যাবে না। এ নিবন্ধের মূল বিষয়বস্তু হলো- শেয়ারবাজার বাবল ও ধসের সাথে মুদ্রানীতির কি ধরনের সম্পর্ক রয়েছে তা বিশ্লেষণ করা। বিশ্বের প্রায় সব দেশের শেয়ারবাজারের ইতিহাসেই বাবল হয়েছে, হয়েছে পতনও। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, মুদ্রানীতি শেয়ারবাজারের বাবলের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। এটা হয়েছে সমপ্রসারণমূলক মুদ্রানীতির ফলে আমানতের সুদ হার কমে যাওয়ায় শেয়ারবাজারে বিনিয়োগের প্রবণতা বৃদ্ধি ও ঋণ সরবরাহ বাড়ার মাধ্যমে। আর্থিক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর শিথিলতার সুযোগ নিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা উচ্চ মুনাফার আশায় নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত বিনিয়োগ করাও শেয়ারবাজার বাবলের অন্যতম একটি কারণ। তাছাড়া ইনসাইডার ট্রেডিং, গুজব ও বিভিন্ন ধরনের কারসাজিও শেয়ারবাজার ধসের কারণ। আমাদের দেশেও এর ব্যাতয় ঘটেনি। আধুনিক মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক দেশের মূল্যস্ফীতির প্রত্যাশা এবং কিছু সূচকের উপর ভিত্তি করে দৈনন্দিন লেনদেনের সুদ হার কিংবা স্বল্প মেয়াদি সুদ হার কিংবা দীর্ঘ মেয়াদি তথা ১ বছর বা তার চেয়ে দীর্ঘকালীন সুদ হার পরিবর্তন করেন। যখন সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয়া হয় তখন ব্যাংকের টাইম ডেপোজিট বা দীর্ঘমেয়াদি আমানত কমে যায়। একইসঙ্গে বাড়তে থাকে শেয়ারবাজারের সূচক। যদি শিল্পে বিনিয়োগের জন্য অবকাঠামোগত সুবিধা ও গ্যাস-বিদ্যুতের সুবিধা থাকে তখন শেয়ারবাজার বাবল হয় না, বাড়ে শিল্প বিনিয়োগ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, ২০০৩ এর ডিসেম্বর থেকে ২০০৪ এর ডিসেম্বরের মধ্যবর্তী সময়কালে স্থায়ী আমানতের উপর সুদ হার ৮৬ বেসিস পয়েন্ট কমানো হলে ধীরে ধীরে দীর্ঘমেয়াদি আমানতের প্রবৃদ্ধি কমে আসে। কারণ সাধারণ বিনিয়োগকারীরা ব্যাংকে টাকা রাখার চেয়ে বিনিয়োগকেই বেশি লাভজনক বিবেচনা করতে শুরু করে। ২০০৯ ও ২০১০ এর দিকেও অর্থের সরবরাহ পরিস্থিতি সহজীকরণ অব্যাহত থাকে। ফলে তারল্য প্রবাহ বেড়ে বিনিয়োগের পথ প্রসারিত হলেও গ্যাস-বিদ্যুতের তীব্র সঙ্কট এবং অবকাঠামোগত সমস্যা থাকায় বিনিয়োগকারীরা শিল্পে বিনিয়োগের পরিবর্তে শেয়ারবাজারে বিনিয়োগকেই লাভজনক বিবেচনা করা হয়। ফলে ধীরে ধীরে বাড়তে থাকে শেয়ারবাজারের সূচক।
এদিকে শেয়ারবাজারে শেয়ারের দর তর তর করে বাড়তে থাকায় মুনাফার প্রবণতাও বেড়ে যায়। ফলে ধীরে ধীরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারের দিকে ঝুঁকতে থাকে। এ প্রতিষ্ঠানগুলোর মুনাফাও বাড়তে থাকে। শেয়ারবাজার থেকে মুনাফা বাড়ায় ২০০৭ থেকে ২০১০ এর মধ্যবর্তী সময়কালে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মুনাফা গড়ে ৬২ শতাংশ করে বৃদ্ধি পায়। নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ারবাজার নির্ভরতা ছিল আরও বেশি। ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচ্চ মুনাফায় শেয়ারবাজার আরও বেশি ফুলে ফেঁপে উঠে। ব্যাক্তি বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ মিলে শেয়ারবাজার বড় রকমের ফুলে উঠে। অবস্থা এমনই হয় যে, শিল্প খাতের জন্য নেয়া ঋণও চলে আসে শেয়ারবাজার বিনিয়োগে। বাবলের পরে অবশ্যাম্ভাবী রূপ হিসেবে শেষ পর্যন্ত শেয়ারবাজারে নেমে আসে বড় ধরনের ধস।
শেয়ারবাজারের ধসে অনেক বিনিয়োগকারীই তাদের সারা জীবনের গচ্ছিত সঞ্চয়ের শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলেন। অনেকের আয়ে বড় ধরনের প্রভাব পড়ে। প্রভাব পড়ে সঞ্চয় ও বিনিয়োগের উপরও। ধসের প্রভাব পড়ে দেশের গোটা আর্থিক খাতের উপর। কারণ উর্ধ্বমূখী বাজারে আর্থিক প্রতিষ্ঠানগুলো ভালো মুনাফা করলেও ধসের ফলে বড় ধরনের ক্ষতির সম্মুখীনও হয় তারা। ফলে নব্বইয়ের দশকের পর থেকে ব্যাংকিং খাতের নন পারফর্মিং লোন (এনপিএল) কমতে থাকলেও শেয়ারবাজার ধসের প্রভাবে পুনরায় ব্যাংকগুলোর এনপিএল আশঙ্কাজনক হারে বাড়তে থাকে। এনপিএল বাড়ার আরও কিছু কারণ রয়েছে। যাই হোক, এনপিএল বাড়ায় কুঋণ সঞ্চিতি বাড়ার পাশাপাশি মুনাফা কমে যায় ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর। যা এ প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশ প্রদান ও তারল্যের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। এতে শেয়ারবাজারের ধসের গভীরতা আরও তীব্রতর হচ্ছে।
জ্বালানি ছাড়া যেমন আগুন বেশিক্ষণ জ্বলতে পারে না, ঠিক তেমনি তারল্যের বড় ধরনের প্রবাহ ছাড়া শেয়ারবাজারও ফুলে ফেঁপে উঠতে পারে না। আমাদের দেশেও তারল্য প্রবাহ বেড়ে যাওয়ায় শেয়ারবাজার ফুলে ফেঁপে উঠে। তবে তা বেশিদিন টিকে থাকতে পারেনি। এদিকে শেয়ারবাজার বাড়ার পাশাপাশি দেশের সম্পত্তির মূল্য তথা আবাসন খাতের দামও বেড়ে যায়। ফলে এ খাতের জন্যও চিন্তা ঘনীভূত হতে শুরু করেছে।
২০১০ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক সমপ্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করে। ঋণের সুদ হার ১৩ শতাংশে নির্ধারণ করে দেয়। যা তারল্য প্রবাহ বাড়িয়ে দেয়। কিন্তু একই সময়ে শিল্পে বিনিয়োগের পরিবেশ না থাকায় শেয়ারবাজার, জমি এবং আবাসন খাত ফুলে ফেঁপে উঠে। যখনই এসব খাতে বাবল হতে শুরু করে তখনই কেন্দ্রীয় ব্যাংক এবং বিএসইসি’র (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) নিয়ন্ত্রণী পদক্ষেপ জোরদার হওয়া প্রয়োজন ছিল। যদি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে অতিরিক্ত পরিমাণে বিনিয়োগ করতে না দেয়া হতো তবে শেয়ারবাজারের ক্ষত আরও কম হতো। অনেককেই এভাবে নিঃস্ব হতে হতো না। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতির মাধ্যমে তারল্য প্রবাহ কিছুটা টেনে ধরায় মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। বৈদেশিক মুদ্রা বিনিময় হারও স্থির হতে শুরু করেছে। এদিকে শেয়ারবাজার ও আবাসন খাতের দাম কমে যাওয়ার প্রবণতা ব্যাংকগুলোর মুনাফার সক্ষমতাকে কমিয়ে দিয়েছে। যা আগামী কয়েক বছরও বহাল থাকতে পারে। এদিকে ২০১৩ সালের মধ্যে মার্চেন্ট ব্যাংকগুলোকে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং করতে বলা হয়েছে। এসব মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে শেয়ারবাজারে মার্জিন ঋণ দেওয়া হয়েছে। মার্জিন ঋণে এসব মার্চেন্ট ব্যাংকের প্রায় ১৫ হাজার কোটি টাকা আটকে রয়েছে। এই টাকার প্রভিশনিং করতে হলে বেশির ভাগ মার্চেন্ট ব্যাংকই লোকসানে পড়ে যাবে। যার দায় তাদের মূল ব্যাংকগুলোর কাঁধে চাপবে। যা পুঁজিবাজারকে আরও প্রভাবিত করতে পারে।
পুঁজিবাজারের বর্তমান স্থবিরতা থেকে উত্তরণের জন্য স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের তাত্পর্যপূর্ণ পরিবর্তন জরুরি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা আনার জন্য অডিট ফার্মগুলোর নিয়ন্ত্রণ জরুরি। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। তাছাড়া আর্থিকভাবে শক্তিশালী না হলে কোনো কোম্পানি যেন শেয়ারবাজারের মাধ্যমে বিনিয়োগকারীদের টাকা তুলতে না পারে সেদিকেও নজর দেয়া প্রয়োজন। এতে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে। যা বর্তমানের বাজারের জন্য অত্যন্ত জরুরী।
