চিনি শিল্পের কাঁচামাল আখের বিকল্প সুগারবিটের চাষ বাংলাদেশে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। সুগারবিট চাষে সফলতাও এসেছে। সুগারবিট শীত প্রধান দেশের ফসল হলেও বর্তমানে উদ্ভাবিত জাতগুলো উষ্ণ ও অব উষ্ণ অঞ্চলে চাষ হচ্ছে। খৃষ্টপূর্ব দেড় থেকে দু’হাজার বছর আগে সুগারবিট চাষের নিদর্শন পাওয়া যায়। মেডিটোরিয়ান এলাকা সুগারবিটের আদি চাষ স্থান। তারপর অন্য এলাকাতে সুগারবিটের চাষ ছড়িয়ে পড়ে। ৪ হাজার বছর আগে মিশরের এক মন্দিরের তৈলচিত্রে সুগারবিটের নিদর্শন পাওয়া যায়। ১৫৯০ সালে ফ্রান্সের বোটানিষ্ট অলিভার ডে সেরেস সর্বপ্রথম সুগারবিট থেকে মিষ্টি সিরাপ তৈরি করেন। ১৭৪৭ সালে প্ররুশিয়ান কেমিষ্ট এড্রিয়াস সিগিসমান্ড মারগ্রিফ সুগারবিট থেকে প্রথম চিনি উত্পাদন করতে সক্ষম হন। এরপর ঊনিশ শতকের প্রথমদিকে ফ্রান্সে সুগারবিট থেকে চিনি তৈরির কল স্থাপিত হয়। ১৮৩৪ সালে আমেরিকায় সুগারবিট থেকে চিনি উত্পাদনের কল স্থাপিত হয়। ধীরে-ধীরে বিশ্বের অন্যান্য দেশে সুগারবিট থেকে চিনি তৈরির কল স্থাপিত হয়। বর্তমানে বিশ্বের ৩০ থেকে ৩৫ ভাগ চিনি সুগারবিট থেকে এবং ৬৫ থেকে ৭০ ভাগ চিনি আখ থেকে উত্পাদন হয়ে থাকে।
আমাদের দেশে চিনিকলগুলো আখনির্ভর। আখ একবছরের ফসল। আখের চেয়ে অন্য ফসল চাষ লাভজনক হওয়ায় চাষি আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে আখ চাষের জমির পরিমাণ সংকুচিত হয়ে পড়েছে। আখের অভাবে মিলগুলো মাঝপথে বন্ধ হয়ে যায়। আখ ফুরিয়ে গেলে মিলগুলো চালু রাখার জন্য বিকল্প কাঁচামাল সুগারবিট চাষের চিন্তা-ভাবনা করে কৃষি মন্ত্রণালয়। সুগারবিটের উপর গবেষণার নির্দেশ দেয়া হয় ঈশ্বরদীর ইক্ষু গবেষণা ইনস্টিটিউটকে। বেলজিয়াম ও ফ্রান্স থেকে সুগারবিটের বীজ সংগ্রহ করে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। ২০০৩-২০০৪ সালে ইনস্টিটিউটের নিজস্ব প্লটে গবেষণা শুরু হয়। সেখানে বাংলাদেশে চাষ উপযোগী শুভ্রা ও কাবেরী নামে সুগারবিটের দুটি জাত উদ্ভাবন করা হয়েছে।
২০১১-২০১২ অর্থবছরে ৩ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ‘বাংলাদেশে সুগারবিট চাষাবাদ প্রযুক্তি উন্নয়নের জন্য পাইলট প্রকল্প’ গ্রহণ করা হয়। প্রকল্পের পরিচালক ড.খলিলুর রহমান ইত্তেফাককে বলেন, দেশের ১২টি চিনিকলের নিজস্ব খামারে পরীক্ষামূলকভাবে সুগারবিট চাষ করা হচ্ছে। চিনিকলগুলো হচ্ছে: পঞ্চগড়, সেতাবগঞ্জ, শ্যামপুর, জয়পুরহাট, রাজশাহী, নাটের. ফরিদপুর, কুষ্টিয়া, মোবারকগঞ্জ, দর্শনার কেরু এন্ড কোম্পানী, নর্থবেঙ্গল চিনিকল ও জিলবাংলা চিনিকল। এছাড়াও ঠাকুরগাঁও ইনস্টিটিউটের খামার ও ঈশ্বরদীতে ইনস্টিটিউটের ভিতরের খামারে সুগারবিট চাষে সফলতা এসেছে। সাতক্ষীরা ও বাগেরহাট জেলাতেও সুগারবিট চাষ করা যাবে। কারণ বাংলাদেশে উদ্ভাবিত জাত দুটি লবণাক্ততা সহিষ্ণু।
কাবেরী জাতটি শ্যামপুর চিনিকল এলাকাতে চাষ করে হেক্টরে সর্বোচ্চ ১৩৫ দশমিক ৮৫ টন ্এবং নাটোর চিনিকল এলাকাতে সর্বনিম্ন ৫৪ দশমিক ৩৪ টন ফলন পাওয়া গেছে। শুভ্রা জাতের সর্বোচ্চ ফলন পাওয়া গেছে ১০৬ দশমিক ২১ টন। বাংলাদেশে উদ্ভাবিত সুগারবিটে চিনির পরিমাণ শতকরা ১৪-১৫ ভাগ। সুগারবিট ৫-৬ মাসের ফসল। আখ থেকে চিনি উত্পাদন শেষ হলে এপ্রিল-মে মাসে সুগারবিট থেকে চিনি উত্পাদন শুরু করা যাবে। ড. খলিলুর রহমান বলেন, দুটি প্রক্রিয়াতে চিনি উত্পাদন হয়ে থাকে। প্রথম প্রক্রিয়া হচ্ছে রস সংগ্রহ। ওই রস থেকে চিনি উত্পাদন করা হয়। আখ থেকে রস সংগ্রহ প্রক্রিয়া ও সুগারবিট থেকে রস সংগ্রহ প্রক্রিয়া ভিন্ন।
সুগারবিট গাছ দেখতে অনেকটা মূলা গাছের মত। গাছের মূল সুগারবিট দেখতেও মূলার মত সাদা। মোবারকগঞ্জ চিনিকলের খামারে দেখা যায় একেকটি সুগারবিটের ওজন ৫-৬ কেজি হয়েছে। ক্ষেত থেকে সুগারবিট তুলে পানিতে ধুয়ে পরিষ্কার করতে হয়। এরপর স্লাইস করে কাটতে হবে। রস সংগ্রহের জন্য পৃথক যন্ত্র বসাতে হবে চিনিকলে। সুগারবিটের দ্বিগুণ পরিমাণ পানিতে ৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় জ্বাল দিয়ে রস সংগ্রহ করতে হয়। পরে ওই রস চিনিকলের একই মেশিনে চিনি উত্পাদন হবে বলে ড. খলিলুর রহমান জানান। সুগারবিট চাষে চাষি লাভবান হবে বলেও তিনি জানান।
