দীর্ঘ ৯ মাসের কার্যক্রমের শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’-এর বহু প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন পর্যায়ের ১৩টি রাউন্ড শেষে নির্বাচিত শীর্ষ তিন প্রতিযোগী সোহাগ, লায়লা এবং টুটুলের মধ্যে এবারের ক্লোজআপ ওয়ান তারকা নির্ধারিত হবে। বর্ণিল এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এই অনুষ্ঠানটি সরাসরি আজ রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের বিভিন্ন সময়ের গান পরিবেশনা করবেন ক্লোজআপ ওয়ান ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১২-এর শিল্পীরা। এবারের ‘ক্লোজআপ ওয়ান ২০১২’-এর বিজয়ী পুরস্কার হিসেবে পাবে একটি ব্র্যান্ড নিউ মিতশুবিশি মিরাজ ও ১০ লক্ষ টাকা, ২য় বিজয়ী পাবে ৫ লক্ষ টাকা এবং ৩য় বিজয়ী পাবে ৩ লক্ষ টাকা পুরস্কার। ক্লোজআপ ওয়ানের তারকা শিল্পীরা ছাড়াও এই গ্র্যান্ড ফিনালেতে থাকছেন শীর্ষ তিন বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়ুয়া। এ ছাড়া অনুষ্ঠানের অন্যতম পৃষ্ঠপোষক ক্লোজআপ ব্র্যান্ড ও ইউনিলিভার, মিডিয়া পার্টনার এনটিভি।
