একদিকে যখন কলকাতার সিরিয়ালের জন্য আমাদের নাটকগুলোর ভেতর হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে অন্যদিকে বাংলাদেশি নির্মাতা এবারে খোদ জি বাংলাখ্যাত রাশি চরিত্রের রিতা চৌধুরীকে নিয়ে নাটক তৈরির পরিকল্পনা নিয়েছেন। বাংলাদেশি এক নির্মাতা এরই মধ্যে রিতা চৌধুরীর সাথে কথাও বলেছেন। এ বিষয়ে জি বাংলার সাথে কথা বললে তারা জানান, ‘বিষয়টি এখনও বিবেচনাধীন। কারণ নাটকটি যৌথ প্রযোজনায় এবং স্পন্সর বাজেটের সাথে আমরা যেন লিগ্যালি উভয় দেশ লাভবান হতে পারি তবেই আমরা রাশিকে অন্যদেশে অভিনয়ের জন্য পারমিশন দেব। এদিকে রাশির নাম করে এরই মধ্যে বেশ ক’জন নির্মাতা বিভিন্ন স্পন্সর ও লগ্নিকারীর কাছ থেকে টাকাও তুলেছেন। সম্প্রতি একুশে টিভির সাথেও এ বিষয়ে আলাপ হয়েছে বলে শোনা যায়। তবে এখনও বিষয়টি চুড়ান্ত নয়। শুধু এটুকু জানা গেছে রাশি চরিত্রের ছোট পর্দার এই বিখ্যাত অভিনেত্রীকে নিয়ে বাংলাদেশে নাটক নির্মানের জন্য বেশ ক’জন নির্মাতা রাশির কাছে ধরণাও দিয়েছেন।
এখন দেখা যাক, একদিকে যেমন এশিয়ান টেলিভিশন সম্প্রতি কলকাতায় শুটিং এবং যাবতীয় কারিগরী সহযোগিতার নেওয়ার জন্য বিতর্কিত হয়েছে, ঠিক এমন সময় বাংলাদেশের টিভি চ্যানেলে কলকাতার জনপ্রিয় অভিনেত্রীকে প্রমোট করার বিষয়টি এখন কোন পর্যায়ে যায় সেটিই এখন দেখার বিষয়।
