কম্পিউটার ব্যবহারের সুযোগ যাদের আছে তাদের সবাই কমবেশি ভিডিও গেমের সাথে পরিচিত। আর এই ভিডিও গেমের বিভিন্ন চরিত্রের সাজে নিজেদের সজ্জিত করেই এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি অব ইন্টার্যাকটিভ এন্টারটেইনমেন্ট এর শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। অল্প কিছুদিন আগে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে এক সমাবেশে এই অ্যাকাডেমির সর্বমোট ৪৭০ জন ভিডিও গেমের বিভিন্ন হিরো, ভিলেন ও চরিত্রের সাজে নিজেদের সজ্জিত করে এ ধরনের সবচেয়ে বড় জমায়েতের গিনেজ রেকর্ড গড়েন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার অ্যাকাডেমি অব ইন্টার্যাকটিভ এন্টারটেইনমেন্ট ১৯৯৬ সাল থেকে অস্ট্রেলিয়া ও আমেরিকার পাঁচটি ক্যাম্পাসে ভিডিও গেম প্রোগ্রামিং ও থ্রিডি অ্যানিমেশনের উপর শিক্ষা দিয়ে আসছে।
