পাকিস্তানে নির্বাচনে জনসমর্থনে এগিয়ে ইমরান খান

আপডেট : ১০ মে ২০১৩, ২০:১৭
পাকিস্তানে আজকের সাধারণ নির্বাচনে জনমত জরিপে জনপ্রিয়তার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা সাবেক ক্রিকেট তারকা ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের জনসমর্থন নির্বাচনের শেষ মুহূর্তে গতকাল শুক্রবার আরো এক ধাপ বেড়েছে। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদের নির্বাচনী সমাবেশে ইমরানের অনুপস্থিতিতেও জড়ো হয় তার ৩৫ হাজার সমর্থক। আজ শনিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে।—খবর রয়টার্সের। নির্বাচনী সমাবেশে মঞ্চ থেকে পড়ে গিয়ে আহত ইমরান খান চিকিত্সাধীন থাকায় ইসলামাবাদের সমাবেশে উপস্থিত হতে পারেননি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেন তিনি। এ সময় তিনি শনিবারের নির্বাচনে ভোট দিতে জনগণকে ঘর থেকে বের হয়ে আসার আহ্বান জানান। ইউরেশিয়া গ্রুপের ঊর্ধ্বতন সম্পাদক শামিলা চৌধুরী বলেন, ইমরান খান এর আগে পার্টির সংগঠকদের অভাবে প্রচারাভিযান চালানো এবং প্রাদেশিক পর্যায়ের সমাবেশে উপস্থিত থাকা নিয়ে সমস্যায় ছিলেন। কিন্তু স্বেচ্ছাসেবকদের নেটওয়ার্ক তৈরি করে তিনি সেসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হন। সামপ্রতিক দিনগুলোতে ওই নেটওয়ার্কই তার পক্ষে সক্রিয়ভাবে ব্যাপক গণসংযোগ কর্মসূচি চালিয়েছে এবং জনসমাবেশ করেছে। সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, ইমরানের তেহরিক-ই-ইনসাফ শতকরা ২৪.৯৮ ভাগ ভোট পাবে। জরিপের তৃতীয় অবস্থানে রয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি বা (পিপিপি)। আর নওয়াজ শরীফের মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সামান্য ব্যবধানে তালিকার শীর্ষে রয়েছে। তবে এরই মধ্যে ইমরানের জনসমর্থনের পাল্লা ভারি হওয়ায় তার দল নির্বাচনে ভাল ফল করবে এবং জোট সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহের দরকষাকষি চলতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। এক জরিপে এটি স্পষ্ট হয়েছে যে, এবারের নির্বাচনে পাকিস্তানের প্রধান তিনটি দলের কোনোটিই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আর নির্বাচনে কোনো দল পরিষ্কারভাবে জয়ী না হলে ইমরানের দলই শেষ পর্যন্ত ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার অবস্থানে উঠে আসতে পারে। পাকিস্তানে দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও তাদের ভোট দলে টানার একঘেঁয়ে পদ্ধতির বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছেন ইমরান খান। আর তাই তাকে পরিবর্তনের প্রতীক হিসাবে ভোট দিতে চাইছেন অনেকেই। ভোটারদের অনেকেই বলছেন, অন্যান্য নেতাকে কয়েকবার পরীক্ষা করা হয়ে গেছে। তারা কেউই কাজের নয়। আর তাই তালেবান হুমকি উপেক্ষা করেই ভোটকেন্দ্রে গিয়ে ইমরানকে ভোট দেয়ার প্রত্যয় জানিয়েছেন ভোটাররা। ইমরান খান সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তরুণ ও শহুরে ভোটারদের মধ্যে। দুর্নীতির অবসান ঘটানো, নতুন রাজনৈতিক প্রেক্ষাপট এবং পাকিস্তানের মাটিতে চালক বিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধের প্রতিশ্রুতি দিয়ে জনসমর্থন কুড়িয়েছেন ইমরান। প্রথমদিকের জনমত জরিপগুলোতে ইমরানের দল পিটিআই-এর জনসমর্থন অনেক কম; একের অঙ্কের ঘরে থাকলেও সর্বশেষ জনমত জরিপে এ সমর্থন অনেকাংশে বেড়েছে। জাতীয়ভাবে দলটি ২৪ দশমিক ৯৮ শতাংশ ভোট পাবে এমনটিই দেখা যাচ্ছে জরিপে। যা নওয়াজ শরীফের দলের জন্য অনুমিত ভোটের চেয়ে সামান্য কম।