গুয়েতেমালার সাবেক নেতা মন্টের গণহত্যার অভিযোগ অস্বীকার

আপডেট : ১০ মে ২০১৩, ২০:১৮
গুয়েতেমালার সাবেক সামরিক প্রধান এফ্রেইন রায়স মন্ট তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগের প্রতিবাদ জানিয়েছে। বিচারের শেষ পর্যায়ে তিনি নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন। গত বৃহস্পতিবার শুনানি শেষে এই প্রথমবারের মত জেনারেল রায়স মন্ট (৮৬) তার অভিযোগের বিরুদ্ধে কথা বললেন। বিচারচলাকালীন জেনারেল রায়স বলেন, ১৯৮০ সালের প্রথম দিকে ইক্সিল নামে ক্ষুদ্র গোষ্ঠীদের ওপর তিনি যে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন এমন কোন সুস্পষ্ট প্রমাণ নেই। তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গুয়েতেমালায় গৃহযুদ্ধ চলাকালীন ২ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। এদের বেশিরভাগই স্থানীয় মায়ান জনগোষ্ঠীর। আদালতে তার বিরুদ্ধে যখন অভিযোগগুলো আনা হচ্ছিল তিনি তখন নিশ্চুপ ছিলেন। কিন্তু যখন শেষ যুক্তি তর্ক চলছিল তিনি নিজেকে নিরপরাধ বলে জানান। তিনি ট্রাইব্যুনালের সামনে বলেন, আমি কখনোই গণহত্যার নির্দেশ দেইনি। আমি নিরপরাধ। আমার কখনোই কোন বর্ণ, ধর্ম বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায় ছিল না। প্রেসিডেন্ট থাকা অবস্থায়ও দেশটির অখণ্ডতা বজায় রাখতে স্থানীয় গৃহযুদ্ধের দিকে আমার সর্বাত্মক নজর ছিল। অভিযোগ প্রমাণিত হলে এই জেনারেলের ৭৫ বছরের জেল হতে পারে।