‘ন্যাটো চলে গেলেও আফগানিস্তানে মার্কিন সেনাঘাঁটি থাকবে’

আপডেট : ১০ মে ২০১৩, ২০:১৮
ন্যাটোর সেনারা আগামী বছর আফগানিস্তান ছাড়লেও, দেশটিতে মার্কিন সেনাঘাঁটি থাকবে বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। সম্প্রতি কিছুটা যুক্তরাষ্ট্র বিরোধী মন্তব্য করলেও মোট নয়টি সেনাঘাঁটি স্থাপনের বিষয়ে সম্মতি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার, কাবুল বিশ্ববিদ্যালয়ে কারজাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত আছেন তিনি। ন্যাটো পরবর্তী আফগানিস্তানে, মার্কিন উপস্থিতির ধরণ নিয়ে, এবারই প্রথম ইঙ্গিত দিলেন কারজাই। তবে কারজাই বলেন, চুক্তির আগে, শান্তি স্থাপন ও অর্থনৈতিক উন্নয়নসহ আফগান নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করে তোলার অঙ্গীকার করতে হবে যুক্তরাষ্ট্রকে। ন্যাটো, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ভূমিকাকে আফগানিস্তানের জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন কারজাই।