হিজবুল্লাহ সিরিয়া থেকে ‘খেলা পরিবর্তনের’ অস্ত্র গ্রহণের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন লেবাননের প্রভাবশালী শিয়া সংগঠনের প্রধান হাসান নসরুল্লাহ। দলটির জন্য ইরানের পাঠানো কথিত আধুনিক অস্ত্রের একটি চালান লক্ষ্য করে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের বিমান হামলার অল্প কয়েকদিন পর তিনি এ কথা বললেন।
হিজবুল্লাহর রেডিও স্টেশন আল-নূরের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে গত বৃহস্পতিবার নসরুল্লাহ বলেন, নতুন ধরনের অস্ত্রের চালানটি হবে ইসরাইলি বিমান হামলার প্রতি সিরীয় প্রতিক্রিয়া। যদিও এই অঞ্চলের ভারসাম্য ভেঙ্গে পড়ে তবু ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ আধুনিক অস্ত্রসম্ভার গ্রহণে প্রস্তুত। তিনি আরো বলেন, আমরা এ ধরনের অস্ত্রশস্ত্র পাওয়ার উপযুক্ত এবং আমাদের জনগণ, দেশ এবং পবিত্র ভূমি রক্ষার জন্য আমরা তা ব্যবহার করবো। ইসরাইল গত রবিবার সকাল থেকে দামেস্ক লক্ষ্য করে বিমান হামলা শুরু করে যা নগরীতে প্রচণ্ড আঘাত হেনেছে। পশ্চিমা এবং ইসরাইলি সূত্রগুলো বলেছে, এই হামলার লক্ষ্য ছিল হিজবু্ল্লাহর জন্য পাঠানো ইরানের ক্ষেপণাস্ত্র গ্রহণে বাধা দেয়া। প্রসঙ্গত,সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ, যে শিয়া সংগঠনটি ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল।
