সিরিয়ায় রাজনৈতিক সমাধানের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সিরিয়া সংকট নিয়ে গত বৃহস্পতিবার ইটালির রাজধানী রোমে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। জন কেরি বলেন, ‘সরকার ও বিদ্রোহী উভয়পক্ষের বোঝাপড়ার ভিত্তিতে একটি অন্তর্বর্তী সরকার কার্যকর লক্ষ্যে সব পক্ষই কাজ করছে যা পরিষ্কারভাবে বোঝায়, প্রেসিডেন্ট বাশার এই অন্তর্বর্তী সরকারের অংশ হবে না।’ তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেন, সিরিয়ার শরণার্থীদের জন্য ১০ কোটি ডলারের বাড়তি মানবিক সহায়তা দেয়া হবে। এ সহায়তার অর্ধেক ব্যয় হবে জর্ডানে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীদের জন্য। সিরিয়ায় লড়াই শুরুর পর বহু শরণার্থী জর্ডানে আশ্রয় নেয়। বৈঠকে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার রক্তক্ষয়ী লড়াইয়ে বেশ ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রতিদিন সিরিয়া থেকে প্রায় দুই হাজার মানুষ জর্ডানে আশ্রয় নিচ্ছে। বর্তমানে জর্ডানে প্রায় ৫ লাখ ২৫ হাজার সিরীয় শরণার্থী আছে।
