মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সংরক্ষিত এলাকায় বিলুপ্তির হুমকিতে থাকা অসংখ্য বন্য হাতি শিকার করেছে সশস্ত্র শিকারীর দল। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ)-এর কর্মকর্তা আন্না ফিশনার জানান, গত কয়েকদিনে এবং রাতে সবসময়ই কালাশনিকভ রাইফেলের গুলি চলেছে। এতে অনেক হাতি নিহত হয়েছে। এর সঠিক সংখ্যা কত তা জানা নেই।
বিবিসি জানায়, সোমবার ডব্লিউডব্লিউএফ একটি সতর্ক বার্তা দিয়ে বলেছে, ভারি অস্ত্রশস্ত্র নিয়ে ১৭ জনের একটি শিকারী দল ‘হাতির গ্রাম’ বলে পরিচিত জঙ্গা-বাই এলাকার জঙ্গা-নোকি ন্যাশনাল পার্কের দিকে এগুচ্ছে। সেখানে প্রতিদিন প্রায় ২শ’ হাতি খাবারের জন্য জড়ো হয়। শিকারিরা বিজ্ঞানী ও পর্যটকদের পর্যবেক্ষণ মঞ্চ ব্যবহার করে হাতি শিকার করে। ডব্লিউডব্লিউএফ-এর স্থানীয় নিরাপত্তা কর্মীরা ওই এলাকায় এ ধরনের মঞ্চ থেকে শিকারীদের পশু শিকার করতে দেখেছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য হাতির দাঁত অত্যন্ত মূল্যবান হওয়ায় প্রতিবছর আফ্রিকায় বন্য হাতি শিকার বাড়ছে। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের পার্কে হাতি শিকারকারীরা সুদানের হাতির দাঁত শিকারি বলেই ধারণা করছে ডব্লিউডব্লিউএফ। মধ্য আফ্রিকার জঙ্গলে বন্য হাতির সংখ্যা গত ১০ বছরে ৬২ শতাংশ কমেছে। এ ধারা চলতে থাকলে আগামী দশকের মধ্যেই এ প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
