মহান জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে ড. শিরিন শারমীন চৌধুরীকে স্পিকার নির্বাচিত করে। দেশের ইতিহাসে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আর্বিভূত হলেন একজন নারী। সবাই মনে করছেন এই স্পিকার নির্বাচনের মাধ্যমে নারীর ক্ষমতায়নের পথ সুগম হয়েছে। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো নারীরা কতটুকু ক্ষমতায়িত হয়েছে। সামপ্রতিক কালের দেশের দুটি পোশাকশিল্পের ভয়াবহ দুর্ঘটনার দিকে দৃষ্টি দিলে দেখা যায়, তাজরিন ফ্যাশান কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ১২১ জন নারী। আর সাভার ট্রাজেডির এ পর্যন্ত উদ্ধার করা সহস্রাধিক শ্রমিকের লাশের মধ্যে বেশির ভাগই নারী। দেশের নারীরা যে কত নির্যাতন-নিষ্পেষণের শিকার তা এই দুটি ঘটনা থেকেই অনুমান করা যায়। অত্যন্ত পরিতাপের বিষয় যে, ১২১ জন নারীর আত্নাহুতির পরও তাজরিনের ভয়াবহ দুর্ঘটনার কোনো সুরাহাই হয়নি। সাভার ট্রাজেডির পর সরকার কিছু পদক্ষেপ নিয়েছেন—তার ফলাফল কী হবে তা ভবিষ্যত্ বলে দেবে। পোশাকশিল্পে নারীশ্রমিকের নিয়োগের বেলায় অনেক অনিয়ম দেখা যায়। নারীশ্রমিকদের নিয়োগপত্র পর্যন্ত দেওয়া হয় না। এই নারীশ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই। স্বাধীনতার ৪২ বছর পরও দেশের সম্পদ বণ্টন ব্যবস্থায় নারীর অধিকার সুসংহত হয়নি। কৃষিসহ শিল্প উত্পাদনের চক্রের সঙ্গে নারীরা ওতপ্রোতভাবে জড়িত হওয়ার পরও উত্পাদিত পণ্যের বিক্রয়লব্ধ অর্থ বণ্টনের ব্যবস্থাপনায় নারীর অধিকার নেই। দেশের অগ্রযাত্রার সঙ্গে আসলে কি নারীর ক্ষমতায়নের অগ্রযাত্রা হয়েছে? দেশে প্রায় দুই যুগ ধরে সরকারপ্রধান ও বিরোধীপ্রধান-এর আসনে পর্যায়ক্রমে নারী অধিষ্ঠিত—তারপরও কি দেশের রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ নারীবান্ধব হয়েছে?
দেশের সরকারি দল ও বিরোধী দলে নারীর নেতৃত্ব পুরুষতান্ত্রিক কাঠামোর ওপর ভর করেই পরিচালিত হচ্ছে। ফলে জেন্ডার ভারসাম্যের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়নি। এখনো নারীর জন্য কোটার প্রবিধানের মাধ্যমে সমতার প্রচেষ্টা চালানো হচ্ছে। সংবিধানে দুই ধরনের সংসদ সদস্য নিয়ে সংসদ গঠনের কথা বলা হয়েছে। প্রথমত, সংবিধানের ৬৫(২) অনুচ্ছেদ অনুযায়ী একক নির্বাচনী এলাকাসমূহ থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত তিন শ’ সদস্য নিয়ে এবং দ্বিতীয়ত, আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বণ্টিত ৫০ জন মহিলা সংসদ সদস্য নিয়ে। প্রত্যক্ষ ভোটে যাঁরা নির্বাচিত হবেন পুরুষ কিংবা মহিলা যেই হোন কেবল তাঁরাই সংসদ সদস্য হিসাবে অভিহিত হবেন। অন্যদিকে সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদ অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বণ্টিত সদস্যরা সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে চিহ্নিত হবেন। এই নিয়ম অনুযায়ী সংরক্ষিত মহিলা সদস্যদের একক কোনো নির্বাচনী এলাকা নেই। এর ফলে চিরায়ত নারীর ক্ষমতা অবদমনের প্রক্রিয়াটির সমপূর্ণ অবসান হয়নি। নারীদের জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসা উচিত। বর্তমানেও নারী সংসদ সদস্যর আসন সীমানা চিহ্নিত রয়েছে। আর সংরক্ষিত নারীর আসনের চিহ্নিত এলাকা সাধারণ সদস্যদের এলাকারই অন্তর্ভুক্ত। তাই সংরক্ষিত নারী সদস্যদের সঙ্গে চিহ্নিত এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসা সাধারণ সংসদ সদস্যর দ্বন্দ্ব দেখা যায়। এ ক্ষেত্রে নারী সংসদ সদস্যরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না । তাই নির্বাচনী এলাকা নির্ধারণের ক্ষেত্রেও আইন প্রণয়ন করা দরকার। সাধারণ সদস্যদের মতো নারী সদস্যরাও যেন চিহ্নিত নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে আসতে পারেন এই ব্যবস্থা করা উচিত সেইসঙ্গে লক্ষ রাখতে হবে যে এলাকাসংক্রান্ত জটিলতা যেন সৃষ্টি না হয়। এই নির্বাচন পদ্ধতিতে নারীরা সংরক্ষিত আসন থেকেই নির্বাচিত হবেন তবে এখানে নির্বাচন পদ্ধতির পরির্বতন করতে হবে ।
বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নির্বাচনী এলাকায় নারীদের জন্য ১০০ আসন সংরক্ষণ করা আর বাকি ২০০ আসন সাধারণ হিসাবে চিহ্নিত করা। এখানে নারী পুরুষ উভয়েই নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে। আর এই সংরক্ষিত ১০০টি আসন নির্ধারণ করা হবে ঘুর্ণায়মান পদ্ধতিতে। ১০০টি আসন নারীর জন্য সংরক্ষিত করতে হলে প্রতি ৩টি নির্বাচনী এলাকার মধ্যে ১টি করে আসন হবে নারীর জন্য সংরক্ষিত বাকি ২টি সাধারণ। উদাহরণস্বরূপ যেমন ১, ২, ৩টি আসন রয়েছে—এই তিনটি আসনের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১ নম্বর আসন হবে নারীর জন্য সংরক্ষিত, এখানে শুধু নারী প্রার্থীরা বিভিন্ন দলের টিকেট নিয়ে প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর বাকি ২টি আসন হবে সাধারণ। এভাবে একাদশ সংসদ নির্বাচনে ২নম্বর আসন নারীর জন্য সংরক্ষিত থাকবে আর বাকি ১ ও ৩ থাকবে সাধারণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ নম্বর আসন থাকবে নারীর জন্য সংরক্ষিত আর ১ ও ২ হবে সাধারণ। ঠিক অনুরূপভাবে ৪,৫,৬ এবং ৭, ৮, ৯ এভাবে প্রতি তিনটি আসনের একটি করে আসন নারীর জন্য ঘুর্ণায়মান পদ্ধতিতে সংরক্ষিত হবে। তাহলে জাতীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত হবে। বর্তমানে এলাকা নিয়ে সৃষ্ট দ্বান্দ্বিক অবস্থারও পরিসমাপ্তি ঘটবে ।
তাছাড়া বর্তমানে নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলের গঠনতন্ত্রে উল্লেখ আছে যে তাদের দলের নারী সদস্য সংখ্যা কত জন হবেন। আর নারী সদস্যরাই এই সংরক্ষিত আসনে নির্বাচন করে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন— এক্ষেত্রে কারো করুণা বা অনুকম্পার প্রয়োজন হবে না। এই ব্যবস্থা প্রণয়ন করতে হলে দেশে নতুন করে আইন তৈরি করতে হবে। বিষয়টি নিয়ে বর্তমান জাতীয় সংসদই সিদ্ধান্ত নিতে পারে।
রাজশাহী
