উদ্ধারকাজে প্রযুক্তিগত সক্ষমতা অর্জন জরুরি

আপডেট : ১০ মে ২০১৩, ২১:১৯
ভবন ধস, ভূমিকম্প ইত্যাদি বড় ধরনের বিপর্যয় মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় এখন জাতিকে ধকল পোহাতে হচ্ছে। সাভারের ভবন ধসের পর সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষ উদ্ধার কাজে হাত লাগিয়েছে। মানুষ মানুষের জন্য—এ সত্যটি মূর্ত হয়ে উঠেছে। কিন্তু বিপুল পরিমাণ রড-কংক্রিট সরিয়ে উদ্ধারকাজ চালানোর মতো আধুনিক সরঞ্জাম না থাকায় উদ্ধারকারীদের অসহায়ত্বের শিকার হতে হয়েছে। ধ্বংসস্তূপের নিচে বিপুলসংখ্যক মানবসন্তানের চাপা পড়ার বিষয়টি নিশ্চিত হয়েও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তাদের সময়মতো উদ্ধার করা যায়নি। গত কয়েক বছরে ভবন ধসের ঘটনাগুলোতে উদ্ধারকর্মীদের অসহায়ত্বের বিষয়টি স্পষ্ট হচ্ছে। এ অবস্থায় রাজধানীতে কিংবা দেশের অন্য কোনো বড় শহরে ভূমিকম্পের ঘটনা ঘটলে কী অবস্থা দাঁড়াবে তা সহজে অনুমেয়। সাভারের ভবন ধসের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে অভিহিত করার সুযোগ নেই। ঐদিনের মর্মান্তিক ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা সহস্রাধিক। অনেকে এটিকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। সাভারের যে ভবনটি ধসে পড়েছে তা গড়ে উঠেছিল জলাশয় ভরাট করে। অভিযোগ উঠেছে, ভবন নির্মাণে কোনো নিয়মনীতিই মেনে চলা হয়নি। মাত্র একদিন আগে ভবনটিতে বড় ধরনের ফাটল দেখা দেয়। এটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে মতামত দেওয়া হয় প্রকৌশলীদের পক্ষ থেকে। তারপরও গার্মেন্ট শ্রমিকদের ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করাতে বাধ্য করা হয়। দেশের রপ্তানি-বাণিজ্যে গার্মেন্টশিল্প ৭০ শতাংশের বেশি অর্থ আয় করছে। দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছে গার্মেন্ট শ্রমিকরা। কিন্তু তাদের জীবনের মূল্য এতই কম যে, প্রায়ই তাদের প্রাণ দিতে হয় আগুনে পুড়ে। এর আগে সাভারের তাজরীন গার্মেন্টে বিপুলসংখ্যক শ্রমিক পুড়ে মারা যায়। গার্মেন্টে আগুন লাগার পরও গেট বন্ধ রাখায় শ্রমিকরা অসহায়ভাবে পুড়ে মারা যান। যেখানে একটি ভবনের ধ্বংস্তূপের উদ্ধারকাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ভূমিকম্পের ঘটনা ঘটলে ভয়াবহ মানবিক সংকট উদ্ভব হওয়ারই কথা। উদ্ধারকাজের আধুনিক সরঞ্জামের অভাবই শুধু নয়, এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবলের অভাবও প্রকট। আমাদের দেশে ভবন ধস একটি নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে লেখালিখিও কম হচ্ছে না। সংবাদ মাধ্যমগুলো এ ব্যাপারে বরাবরই সোচ্চার। বহু সেমিনার ও সিম্পোজিয়াম হচ্ছে এ নিয়ে। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হচ্ছে না। সরকার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির সহায়তায় ৬২ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ নিলেও এ যাবত্ ১৫ হাজার লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ প্রশিক্ষণপ্রাপ্ত লোকের সংখ্যা ব্যাপকহারে বাড়ানো দরকার। সবচেয়ে বড় কথা, প্রযুক্তির এই যুগে উদ্ধারকাজে প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করা সর্বাগ্রে জরুরি। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা কয়েক হাজার। সাভারে যে ধরনের বিপর্যয় ঘটেছে, আগামী দিনগুলোতে এ ধরনের আরো দুর্ঘটনা ঘটতেই পারে। এজন্য ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার উদ্যোগ যেমন নিতে হবে, তেমনি দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ যাতে চালানো যায়, সে ধরনের সরঞ্জামের অধিকারী হতে হবে। সেই অনুযায়ী রাস্তা বানাতে হবে। এ বিষয়ে কোনো অবহেলাই কাম্য নয়। ঢাকা