‘পাঁচবিবিতে পানির দরে বেগুন বিক্রি’ শিরোনামে খবর ছাপা হয়েছে গত ২৩ মার্চ দৈনিক ইত্তেফাকে। কোনো জিনিসের মূল্যমান কমে গেলে পানির সঙ্গে তুলনা করা হয়। কিন্তু পানির মূল্যমান বর্তমানে অনেক। ঢাকা শহরে এক গ্লাস সাধারণ পানি ২ টাকা থেকে ৫ টাকা হিসেবে বিক্রি হয় আর বোতলজাত ১ লিটার পানির মূল্য ৩০/৩৫ টাকা। এখানে বেগুনের মূল্যের সঙ্গে পানির মূল্যের তুলনা করলে সহজেই পার্থক্যটা বোঝা যাবে। ঐ দিনই দৈনিক করতোয়ায় প্রকাশিত একটি সংবাদ—গাইবান্ধার কোল ঘেঁষে ফুলছড়ি উপজেলার খাটিয়ামারির চরে পানির স্তর নেমে যাওয়ায় বিপদে পড়েছে ঐ এলাকার ভুট্টাচাষীসহ সকল মানুষ। ৩০ থেকে ৪০ ফুট মাটি খুঁড়ে পানির দেখা মিলছে। দিনে দিনে এমন সংবাদ চোখে পড়ছে। শহরাঞ্চলেও পানযোগ্য পানি দুর্লভ হয়ে উঠেছে। এ চিত্র আমরা সহসাই দেখি। ঢাকা শহরের ভূগর্ভস্থ পানির স্তর প্রতিবছর ৩ মিটার বা ৯ ফুট করে নেমে যাচ্ছে। বরেন্দ্র অঞ্চলের অবস্থাও ভয়াবহ। বিশেষজ্ঞের ধারণা এক নতুন সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বিশ্বের দিকে তাকালে দেখা যাচ্ছে প্রায় ১১০ কোটি মানুষ নিরাপদ পানি পান করতে পারে না। প্রতিবছর ৫০ লাখ মানুষ মারা যাচ্ছে দূষিত পানির কারণে, মৃত্যু হচ্ছে প্রতিদিন ৬ হাজার নিষ্পাপ শিশুর। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে ২০১৫ সাল নাগাদ ৪০০ কোটি মানুষ পানির অভাবে ভুগবে।
বাংলাদেশ সুপেয় পানি প্রাপ্তিতে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। এর অবস্থান কানাডার পর পরই। আর সুপেয় পানির উত্স হচ্ছে বৃষ্টি, ভূগর্ভস্থ পানি, নদী-নালা, খাল, বিল, হাওড়, বাঁওর, দিঘি ইত্যাদি। ক্রমবর্ধমান চাহিদা, দখল, অব্যবস্থাপনা, ভরাটকরণ, তলদেশ পলিতে ভরে ওঠা, সময়মতো ড্রেজিং না করা, উজানে বাঁধ নির্মাণ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে গতিপথ পরিবর্তন, বর্জ্য ফেলে দূষণ করাসহ নানাবিধ কারণে জলাধারগুলো অকার্যকর হয়ে উঠছে। একদিকে নদীর তলদেশ পুড়ে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাচ্ছে এবং বর্ষা মৌসুমে বেশি পানি ধরে রাখতে পারছে না। অন্যদিকে অন্যান্য চাহিদা পূরণে সংকুচিত হয়ে যাচ্ছে জলাধারগুলো। আবার আবর্জনা, বর্জ্য ফেলে পানের অযোগ্য করে ফেলা হচ্ছে নদীর পানি। সবমিলে মুমূর্ষু প্রায় পানীয়জলের অবস্থা। আবার ক্রমবর্ধমান কৃষিকাজে পানির চাহিদা মেটাতে গিয়ে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গিয়ে আর্সেনিক দূষণে দূষিত হচ্ছে। তাই ভেবে দেখার সময় এসেছে ভবিষ্যত্ মোকাবেলায় পরিকল্পনা গ্রহণের। জলাধারগুলোয় প্রকৃতির পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ এখনই করা দরকার। পাশাপাশি আন্তর্জাতিক নদীগুলোকে পানির সুষম ব্যবহার নিশ্চিত করার জন্য দ্বিপক্ষীয় আলোচনায় সম্পর্ক গড়ে তোলা একান্ত জরুরি। নতুবা হুমকির মধ্যে পড়বে আমাদের জীবন-জীবিকা, কৃষি, বন তথা জীববৈচিত্র্য। তাই কোনো জিনিসের মূল্যমান কমলে পানি দিয়ে উদাহরণ দেবার অবকাশ আর নেই।
গাইবান্ধা
