পঞ্চম শ্রেণির বাংলা বই ভুলে ভরা

আপডেট : ১০ মে ২০১৩, ২১:২০
সেদিন পঞ্চম শ্রেণির বাংলা ক্লাস নিতে যাই। ছুটিকালীন শিক্ষকের ক্লাস। পড়া ছিল ‘সুন্দরবনের প্রাণী’ অধ্যায়। প্রথম পাঁচ লাইন পড়ার সঙ্গে সঙ্গে কিছু ভুল ধরা পড়ে। বইয়ের আরো অংশ পড়ি তাতেও ভুল লক্ষ করি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০১৩ শিক্ষাবর্ষের জন্য বইটি প্রকাশিত। বইটিতে সহজ এবং সমকালীন ভাষাভঙ্গি ব্যবহার করা হয়েছে। বাক্য বিন্যাসে আধুনিকতা আছে। ভাষার এই নতুনত্ব ও পরিবর্তনশীলতাকে শিশুদের শেখাতে হবে। কিন্তু বইয়ে ভুল থাকলেও তো শিক্ষার্থীদের সমস্যা হবে। সুন্দরবনের প্রাণী (পৃ. ১০) অধ্যায়ে লেখা— “বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন, ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে। সিংহ বললেই মনে হবে আফ্রিকার কথা। তেমনি বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই।” পাঠক লক্ষ করুন, শুরুতে বলা হয়েছে প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। সেক্ষেত্রে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে বাংলাদেশের নাম জড়িত হওয়ার কথা। কিন্তু বাক্যটিতে পূর্ববর্তী অংশের সঙ্গে পরের অংশের ধারাবাহিকতা নেই। ১১ পৃষ্ঠায় একটি ভুল তথ্য দেওয়া আছে—“ইংরেজ আমলের প্রথমদিকে অর্থাত্ শতিনেক বছর আগে, সুন্দরবনের গণ্ডারের সংখ্যাধিক্য ছিল।” ইংরেজ আমলের প্রথম দিক অর্থাত্ ১৭৫৭ সালের পরের এক-দুই বছরের দিকে হবে। পাঠক, হিসেব করে দেখুন ঐ সময়টা এখন থেকে ৩০০ বছর আগে কী করে হয়? ১২ পৃষ্ঠায় আছে “এখন বাংলাদেশে শকুন প্রায় দেখাই যাচ্ছে না”—কয়েক লাইন পর বলা হয়েছে “মানুষের যা ক্ষতিকর, সেসব আবর্জনা শকুন খেয়ে ফেলে এবং সে কারণেই আমাদের চারদিকের পরিমণ্ডল বসবাসের যোগ্য রয়েছে। আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না।” যে প্রাণীটি প্রায় দেখাই যায় না সে প্রাণীটির কল্যাণে আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না। যুক্তির ভেতর সাযুজ্য খুঁজে পাওয়া যায় না। শেষের অনুচ্ছেদ লক্ষ করুন—‘রয়্যাল বেঙ্গল টাইগার’ নামটি পৃথিবীতে সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে অর্থাত্ বাংলাদেশেই একমাত্র দেখা যায়। যদি বাঘই না থাকে তো রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে কিভাবে? শেষ বাক্যটির মানে কী? রয়্যাল বেঙ্গলের বেঁচে থাকা কি বাঘের ওপর নির্ভর করে? বাঘ এবং রয়েল বেঙ্গল কি আলাদা আলাদা প্রাণী, যার একটি না বাঁচলে অন্যটি বাঁচবে না? এই তুলনীয় বাক্যটি সঠিক নয়। তুলনীয় বাক্য বোঝার সুবিধার্থে উদাহরণ দিচ্ছি— যদি পানিই না থাকে তো মাছ থাকবে কিভাবে? এই তুলনীয় বাক্যটি সঠিক তথ্য প্রকাশ করে। কারণ মাছের বেঁচে থাকা পানির ওপর নির্ভরশীল। ভাবুক ছেলেটি গল্পে (৮২ পৃ.) আছে “ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট হলেও আগে যে স্কুল শিক্ষক ছিলেন। ছেলেটি কিন্তু বড় হতে থাকে।” এসব বাক্যের মধ্যে অর্থগত পারস্পর্য এবং ব্যাকরণগত শুদ্ধতা নেই। দুবার অকারণে কিন্তু ব্যবহারের প্রয়োজনীয়তা নেই। ৮২ পৃষ্ঠার শেষের দিকে আছে, “এর প্রতিবাদে তিনি দীর্ঘ তিনবছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিয়ে সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে। তখন থেকেই তিনি ‘বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু’ হয়ে ওঠেন।” এই লাইনগুলো পড়লে মনে হয় বকেয়া প্রাপ্তির সঙ্গে সঙ্গেই বিজ্ঞানী হয়ে ওঠেন। বকেয়া প্রাপ্তির সঙ্গে ‘বিজ্ঞানী’ হয়ে ওঠার কোনো সম্পর্ক নেই। এখানে অযৌক্তিক প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। বইয়ের বিভিন্ন পৃষ্ঠায় কিছু বিদঘুটে বাক্য রয়েছে। ৫৪ পৃষ্ঠায় দেখুন, “যেতে যেতে পথে কাঞ্চনমালা চোখের জল ফেলতে ফেলতে দুঃখের সব কথা সেই মানুষকে না বলে পারেন না।” ‘স্মরণীয় যারা চিরদিন’ রচনায় (পৃ. ৯১) বলা হয়েছে “এই বিজয়কে পাবার আগে দেশবাসীকে করে যেতে হয় এক তীব্র মুক্তিযুদ্ধ।” মুক্তিযুদ্ধের আগে এখানে তীব্র বিশেষণটি বেমানান। “ আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে শত্রু সেনাদের সঙ্গে” এখানে শত্রু সেনাদের সঙ্গে হবে না, হওয়া উচিত শত্রু সেনাদের বিরুদ্ধে। আর একটি ভুল তথ্য! “সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তি সেনারা প্রাণ দেন”—সবাই কি প্রাণ দিয়েছেন? বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ’ শীর্ষক নিবন্ধে সর্বশেষ বাক্যটি (পৃ. ৩২) “বীরের পুত-পবিত্র রক্তস্রোত আর মাতার অশ্রুধারায় স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের।” অর্থাত্ বাংলাদেশ যেন কোনো দেশ বা ভূখণ্ড নয়, বাংলাদেশ মানে একটি স্বাধীন জাতি। দেশ আর জাতি শব্দ দুটোর মধ্যে অনেক তফাত। এখানে স্বাধীন জাতি না হয়ে স্বাধীন দেশ হবে। বাংলা বইয়ে এরকম আরো পারস্পর্যহীন এবং অর্থহীন কথা আছে। শিশুদের জন্য বিদঘুটে বাক্য, সরলীকৃত তথ্য নয়, এসব বাক্য প্রয়োগ করা ঠিক নয়। একটা কাঁচা কথা তুলে ধরছি— বইয়ের পাঠ শিখি (পৃ. ১৩) অংশে “বইয়ের পড়া স্মরণে রাখার জন্য ভোরবেলায় উঠে পড়তে হয়।” এ কথায় শিশুদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে। তাহলে বুঝি ভোরবেলায় উঠে পড়লেই পড়া মনে থাকে। অন্য সময় পড়লে মনে থাকবে না! পঞ্চম শ্রেণির বাংলা বইতে কিছু বানান বিভ্রাটও দেখা যায়। ৮৪ পৃষ্ঠায় দই-এর স্থলে হবে দুই। ১০৯ পৃষ্ঠায় পৌঁছুলেন বানান হবে পৌঁছলেন। ৯৫ পৃষ্ঠায় কথনো-র স্থলে কখনো হবে। ৯২ পৃষ্ঠায় ‘হত্যাকা’ হবে না, হবে হত্যাকাণ্ড। ৯৩ পৃষ্ঠায় ‘রষ্ট্রভাষা’ হবে রাষ্ট্রভাষা। বিভিন্ন রকম ভুলের উদাহরণ বাংলা বইটি থেকে টানতে পারি। পারস্পর্যহীন অনেক বাক্য রয়েছে। আমি আর আলোচনায় যেতে চাই না। বইটি সংকলন, রচনা ও সম্পাদনা করেছেন চারজন প্রখ্যাত ব্যক্তি। বইটিতে মোট ২৩টি রচনা স্থান পেয়েছে। মোট বারোটি রচনার সঙ্গে লেখকের নাম যুক্ত আছে। বাকি এগারোটিতে রচয়িতার নাম নেই। তাহলে আমরা ধরে নিতে পারি বাকি ওই এগারোটি রচনা তাদেরই হাত থেকে এসেছে অথবা অন্য কারো দ্বারা লিখিয়েছেন। কিন্তু আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। ভুলে ভরা বই আমরা শিশুদের হাতে দিতে পারি না। শিশুর বাংলা ভাষাজ্ঞানকে সমৃদ্ধ করার জন্য আমাদের সে কাজটি মনে প্রাণে করা উচিত। ঢাকা