সীমানা বিরোধের কারণে মামলাজটে অনিশ্চয়তায় পড়েছে নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। সীমানা বিরোধের কারণে আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক গেজেটকৃত সীমানার ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়ায় এ অনিশ্চয়তা দেখা দিয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা গেছে, জনৈক রমজান আলী সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশনের ভিত্তিতে আদালত তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন। নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের মধ্যে ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের সীমানা জটিলতায় গত ১৮ এপ্রিল আদালতে রিট পিটিশন দাখিল করেন রমজান আলী। তিনি রিটে অভিযোগ করেন সাবেক গাজীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডকে ভেঙ্গে বর্তমান ২৮ ও ২৯ নং ওয়ার্ডে বিভক্ত করায় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২টি ওয়ার্ডকে একত্রিত করে একটি ওয়ার্ডে পরিণত করার দাবি জানান তিনি। তিন মাসের মধ্যে বিষয়টি সুরাহার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে গত ২৯ এপ্রিল বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ আদেশ দেন। ৩২৯ দশমিক ৩৭ বর্গকিলোমিটার এলাকার এই করপোরেশন দেশের ১১তম বৃহত্ সিটি করপোরেশন। এর ভোটার সংখ্যা ১০ লাখ ৪৯ হাজার।
এদিকে নবগঠিত এই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ভোটারদের ও সম্ভাব্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। পোস্টার, ব্যানার, ফ্যাস্টুনে ছেয়ে গেছে গোটা করপোরেশন এলাকা। টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এডভোকেট আজমত উল¬া খান নিজেকে আওয়ামী সমর্থক প্রার্থী ঘোষণা করে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্ল¬াহ মণ্ডল, গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াজ উদ্দিনও মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এছাড়া বিএনপি’র সম্ভাব্য প্রার্থী বিএনপি কেন্দ্রীয় নেতা হাসানউদ্দিন সরকার, চেয়ারপাসনের উপদেষ্টা অধ্যাপক এম.এ মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও শওকত হোসেন সরকার, জাতীয়তাবাদী প্রজন্ম দলের জেলা আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ রুবেল সরকার, ডা. নাজিম উদ্দিন আহম্মেদও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি সিটি কর্পোরেশনে জাতীয়ভাবে অংশ না নিলেও স্থানীয় বিএনপি নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রচারণায় রয়েছে।
উল্লে¬খ্য, টঙ্গী ও গাজীপুর পৌরসভা এবং পার্শ্ববর্তী ৬টি ইউনিয়নকে একত্রিত করে গত ১৬ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয়। সে অনুযায়ী আগামী ১৫ জুলাইয়ের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
