‘আমার বাজানরে এনে দাও, আমি নিজ হাতে ওকে মিষ্টি খাওয়াবো’

আপডেট : ১০ মে ২০১৩, ২১:২৬
চারদিন যাবত্ নিখোঁজ রফিকুল ইসলাম রফিকের এসএসসি পরীক্ষার ফলাফল গত বৃহস্পতিবার প্রকাশ হওয়ার পর ফলাফল জেনে কান্নায় ভেঙ্গে পড়েন রফিকের মা আমেনা বেগম। বিলাপ করে কাঁদতে কাঁদতে তিনি বলেন,“আমার বাজান পাস করেছে। তোমরা আমার বাজানরে এনে দাও। আমি নিজের হাতে ওকে মিষ্টি খাওয়াবো।” নওয়াপাড়া শংকরপাশা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে রফিকুল ইসলাম রফিক এবারের এসএসসি পরীক্ষায় ৩ দশমিক ৪৪ পেয়ে পাস করলেও আনন্দ নেই রফিকের বাড়িতে। রফিকের শোকে পাগলপ্রায় রফিকের মা-বাবাসহ পরিবার পরিজন। প্রশাসনের কাছে ধর্না দিয়েও রফিকের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা। নিখোঁজ রফিক যশোরের অভয়নগর উপজেলার শিল্পশহর নওয়াপাড়া বাজারের সাথী অপটিক্যালের মালিক নূর ইসলাম মোড়লের ছেলে। রফিকের পরিবার জানায়, গত ৭ মে দুপুরের খাবার খেয়ে বোনকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে খুলনা জেলার ফুলতলায় যায় রফিক। বোনকে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে সন্ধ্যা ৬ টার সময় ফুলতলা থেকে সিএনজি বেবিট্যাক্সিতে করে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয় সে। পথিমধ্যে বেজেরডাঙ্গা নামকস্থানে পৌঁছালে সিএনজিতে ত্রুটি দেখা দেয়। এ সময় রফিক মোবাইল ফোনে তার মাকে বিষয়টি জানিয়ে দুঃশ্চিন্তা করতে নিষেধ করে এবং বলে সে অন্য একটি সিএনজি বেবিট্যাক্সিতে ওঠার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছে। এর কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সেই থেকে রফিককে আর খুঁজে পাওয়া যায়নি। রফিকের সন্ধান না পেয়ে ওই রাতেই রফিকের বাবা নূর ইসলাম অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।