রায়পুরায় পাস না করায় ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১০ মে ২০১৩, ২১:২৬
এসএসসি পরীক্ষায় পাস করতে না পারায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে রায়পুরা উপজেলার বরকান্দা গ্রামের আ. ছাদেক মিয়ার মেয়ে কাকলী আক্তার (১৫)। সে উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৪ টায় উপজেলা বরকান্দা গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল শোনার পর থেকেই মনমরা ও অন্যমনস্ক হয়ে এদিক সেদিক ঘুরাঘুরি করতে থাকে কাকলী আক্তার। একপর্যায়ে বাড়ির একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। বাড়ির লোকজন তাকে খুঁজে না পেয়ে ঘরের দরজা বন্ধ থাকায় তাদের মনে সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে চালের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ফলাফল গুজবের শিকার শিক্ষার্থীর আত্মহত্যা নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল গুজবের শিকার হয়ে আত্মহত্যা করেছে রীমা আক্তার (১৬) নামে এক ছাত্রী। গত বৃহস্পতিবার দুপুরে বেলাব উপজেলার নন্দারামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গেছে, একই গ্রামের বিদেশ প্রবাসী কাজল মিয়ার কন্যা রীমা আক্তার গতবছর পাটুলী উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ইংরেজী বিষয়ে অকৃতকার্য হয়। চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সে একই বিদ্যালয় থেকে একই বিভাগে ইংরেজী বিষয়ে কম্পার্টমেন্টাল পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে তার সহপাঠীদের নিকট থেকে মৌখিকভাবে জানতে পারে যে, এবারও সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এ খবর পেয়ে বাড়ি গিয়ে কাউকে কিছু না বলে মনের দুঃখে সে নিজের গলায় ওড়না পেঁচিয়ে ঘরে আড়ায় ঝুলে আত্মহত্যা করে। এখবর ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন এসএসসির ফলাফল পত্র দেখে জানতে পারে যে, রীমা ফেল করেনি, সে ৩.৩১ গ্রেড পেয়ে পাস করেছে। পুলিশ রীমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা অভয়নগর (যশোর) সংবাদদাতা জানান, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের মেধাবী ছাত্রী ফারজানা সোহেলী আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার রাতে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে সে। প্রকাশিত ফলাফলে ৪ দশমিক ৮১ পেয়েছে ফারজানা।