রংপুরে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ১০ মে ২০১৩, ২১:২৭
বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে গত বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ড. ওয়াজেদ মিয়ার জন্মস্থান পীরগঞ্জের ফতেপুরে পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ ফাউন্ডেশন এবং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কবর জিয়ারত, মিলাদ-মাহফিল ও দিনব্যাপী কোরআন খানি এবং স্মরণ সভার আয়োজন করা হয়। ড. ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছায়াদত্ হোসেন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট রেজিনা রাজ্জাক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, পীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) জাহিদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, ওয়াজেদ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম প্রমুখ। দুপুরে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে দিবসটি পালন উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি শাফিয়ার রহমান শফি প্রমুখ। পরে ড. এমএ ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি পালন উপলক্ষে ড. ওয়াজেদ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিকালে ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সভাপতি এ্যাডভোকেট আব্দুল গনির সভাপতিত্বে রংপুর টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকালে পীরগঞ্জের ফতেপুরে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল।