যুবলীগ নেতাকে বাদ দিয়ে কমিটিতে নেয়া হয়েছে আওয়ামী লীগ নেতাকে। আর বিপত্তিটা সেখানেই! দলবল নিয়ে খাদ্য কর্মকর্তার অফিসে গিয়ে তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিলেন যুবলীগ নেতা। তাকে কেন খাদ্য সংগ্রহ কমিটি থেকে বাদ দেয়া হলো! এ নিয়ে প্রথমে তর্ক-বিতর্ক পরে ধস্তাধস্তি। এক পর্যায়ে যুবলীগ নেতার নাক ফাটলো আর খাদ্য কর্মকর্তা রুমে দরজা বন্ধ করে আত্মরক্ষা করলেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলায়।
অথচ খাদ্য সংগ্রহ কমিটিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা যুবলীগ কারোরই সদস্য থাকার নিয়ম নেই। খাদ্য সংগ্রহ কমিটির নীতিমালায় সস্পষ্টভাবে বলা আছে, কমিটির সভাপতি জেলায় জেলা প্রশাসক, উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজের বিশিষ্ট নাগরিকদের মধ্যে থেকে ২ জন শিক্ষক (স্কুল/কলেজ) এবং মসজিদের ইমামকে মনোনীত করতে পারবেন। কিন্তু কমিটিতে ইমাম আর শিক্ষকের জায়গায় বসে আছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগের নেতারা। এই চিত্র শুধু দিনাজপুরেই নয়, সারাদেশের।
তবে শুধু বর্তমান ক্ষমতাসীন দলই নয়, যখন যে সরকার আসে, সেই দলের লোক দিয়েই গঠিত হয় খাদ্য সংগ্রহ কমিটি। শুধু কমিটি গঠন নয় খাদ্য সংগ্রহ অভিযান থেকে শুরু করে কোথাও মানা হচ্ছে না কোন নিয়ম। খাদ্য সংগ্রহ নীতিমালায় ‘কৃষকদের কাছ থেকে ধান, গম সংগ্রহের’ কথা উল্লেখ থাকলেও তা কেনা হচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে। অথচ নীতিমালায় বলা হয়েছে কোন ব্যবসায়ী বা ফড়িয়ার কাছ থেকে ধান কেনা যাবে না। এর ফলে সরকারের খাদ্য সংগ্রহের যে মূল লক্ষ্য—কৃষকদের ন্যায্যমূল্য পেতে সহায়তা করা তার বাস্তবায়ন হচ্ছে না। অন্যদিকে ঘামে-শ্রমে ফলানো ফসলের ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশার সাগরে ডুবছে কৃষক। গত ২/৩ মৌসুমে ফসলের নায্যমূল্য পায়নি তারা। আর কয়েকদিন পরই পুরোদমে বোরো ওঠা শুরু হবে। কৃষক এখন সেদিকে তাকিয়ে দিন গুনছে। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্য সংগ্রহের ওপর নির্ভর করে দেশের খাদ্য নিরাপত্তা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের ধান-চাল সংগ্রহ কমিটিতে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্তির কারণে নানা দুর্নীতি-অনিয়ম হচ্ছে। ফলে কৃষকের পরিবর্তে লাভবান হচ্ছে একশ্রেণির ব্যবসায়ীরা।
অভিযোগ রয়েছে, কমিটির নীতিমালা অনুসরণ না করে দলীয় ব্যক্তিকে মনোনয়ন দেয়ায় খাদ্য কর্মকর্তারা বা উপজেলা নির্বাহী অফিসার তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না। দলীয় প্রভাব খাটিয়ে কখনো কখনো কমিটির সভা পর্যন্ত করা হয় না।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এক উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবরা বিশিষ্ট ব্যক্তি হিসেবে যাদের নাম প্রস্তাব করেন তাদেরই মনোনয়ন দেয়া ছাড়া কোন উপায় থাকে না। এক্ষেত্রে কমিটির সভাপতির খুব একটি ভূমিকা থাকে না।
তিনি আরো বলেন, সংগ্রহ সংক্রান্ত কোন প্রকার প্রতিবন্ধকতা দেখা দিলে সেই সমস্যার সমাধান করা কমিটির কাজ হলেও দেখা যায়, কমিটির সদস্যরাই উল্টো সমস্যা সৃষ্টি করছেন। এমনকি তাদের প্রভাবের কারণে সংগ্রহ করা হয় নিম্নমানের খাদ্যশস্য।
তবে নানা অনিয়ম, দুর্নীতিতে শুধু যে দলীয় নেতাকর্মীরাই জড়িত তা নয়, একশ্রেণির খাদ্য কর্মকর্তারাও রয়েছে এর সঙ্গে । এমন তথ্য দিয়েছেন খোদ খাদ্য অধিদপ্তরের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। তারা বলেছেন, কোথাও কোথাও কমিটির সভাপতি জেলা প্রশাসকদেরও ভাগ দিতে হয়।
কমিটিতে কারা থাকবেন
জেলা-উপজেলা পর্যায়ে সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে খাদ্য সংগ্রহ কমিটিতে রয়েছেন। এছাড়া জেলা কমিটিতে জেলা প্রশাসক ও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সদস্য হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা চালকল মালিক সমিতির সভাপতি, কৃষক প্রতিনিধি (সভাপতি কর্তৃক মনোনীত) থাকবেন। নীতিমালা অনুযায়ী কমিটির সভাপতি সমাজের দুইজন বিশিষ্ট ব্যক্তিকে (স্কুল/কলেজের শিক্ষক বা মসজিদের ইমাম) সদস্য মনোনীত করতে পারবেন।
নির্ধারিত সময় শুরু হয় না সংগ্রহ অভিযান
বেশিরভাগ সময়ই সরকার নির্ধারিত সময় শুরু হয় না খাদ্য সংগ্রহ অভিযান। মূলত কমিটিগুলোর নানা অনিয়মের ফলেই এ সমস্যা হয় বলে অভিযোগ করেছেন খাদ্য অধিদপ্তরের একাধিক পরিচালক। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি সিদ্ধান্ত নেয় কবে কখন থেকে খাদ্য সংগ্রহ শুরু হবে। কিন্তু অনেক সময়ই নানা অজুহাতে স্থানীয় অনেক কমিটি নির্দিষ্ট সময় সংগ্রহ অভিযান শুরু করে না। তিনি বলেন, গত ১ এপ্রিল থেকে গম ও ১ মে থেকে বোরো সংগ্রহ অভিযান শুরু করার কথা থাকলেও অনেক জায়গায় এখনো গম সংগ্রহ অভিযানই শুরু হয়নি। তিনি বলেন, গম খুব অল্প সময়ের জন্য কৃষকের কাছে থাকে। দেখা যায়, নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ অভিযান শুরু না করলে গম ব্যবসায়ীদের হাতে চলে যায়। তখন ব্যবসায়ীরা সরকারের গুদামে সেই গম সরবরাহ করে। ফলে ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। তিনি বলেন, কমিটিতে সদস্য হিসেবে দলীয় লোক মনোনয়ন দেয়ায় তারা ব্যবসায়ীদের সাথে যোগসাজস করেই এ কাজটি করে। অথচ নিয়ম অনুযায়ী সরকারের পরিকল্পনা ও পরিধারণ কমিটি ঘোষিত দিনই খাদ্য সংগ্রহ অভিযান শুরু করতে হবে।
কৃষক পাচ্ছে না ন্যায্যমূল্য
অভ্যন্তরীণ বাজার থেকে সরকারের খাদ্য সংগ্রহের অন্যতম প্রধান উদ্দেশ্য কৃষককে তার ফসলের ন্যায্যমূল্য দেয়া। কিন্তু এক্ষেত্রে কৃষকের কোন লাভই হচ্ছে না। কেননা মানা হচ্ছে না খাদ্য সংগ্রহের নীতিমালা।
এ প্রসঙ্গে রায়গঞ্জ উপজেলার কৃষ্ণপুরের কৃষক নবা বলেন, সরকারের কাছে ধান বিক্রি করতে গেলে বলা হয় আমাদের ধানের মান খারাপ। আমাদের কাছ থেকে ধান নেয়া হয় না। অথচ সেই একই ধান ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে কিনে সরকারের গুদামে দিচ্ছে। তাহলে আমাদের ধানের দোষ কোথায়? আরেক কৃষক চন্দ্র বলেন, গুদামে ধান দিতে গেলে ‘ঘুষ’ চান খাদ্য কর্মকর্তারা। কিন্তু আমরাতো ‘ঘুষ’ দিতে পারি না। তাই আমাদের ধান তারা কেনে না।
এ ব্যাপারে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান গতকাল ইত্তেফাককে বলেন, নীতিমালা অনুযায়ী অবশ্যই কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে। তবে কখনো কখনো ধানের মান খারাপ হওয়ায় তা ফেরত দেয়া হয়। তবে কোন কারণ ছাড়া কোন গুদামে ধান না নিলে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
যখন যে সরকার আসে সেই দলের লোক দিয়েই কমিটি
যখন যে সরকার আসে, সেই দলের লোক দিয়েই খাদ্য সংগ্রহ কমিটি গঠিত হয়। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহাম্মদ জানান, ময়মনসিংহ জেলাসহ সব উপজেলায় (১২টি) ধান-চাল সংগ্রহ কমিটি রয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে ২ জন নিয়োগের বিধান থাকলেও যখন যে সরকার আসে সেই দলের লোকজনই কমিটিতে স্থান পায়। বর্তমান সরকারের সময়ও তার ব্যত্যয় ঘটেনি। বিএনপি আমলে এ কমিটিতে ছিলেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল ও অধ্যাপক আমজাদ আলী। বর্তমান কমিটিতে রয়েছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক। ধান-চাল সংগ্রহ কমিটিতে অন্তর্ভুক্তির ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, সঠিক বণ্টন ও গুণগত মান রক্ষা নিয়ে কমিটি কাজ করে থাকেন।
