গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ সরকার জামায়াত-শিবিরের ডাকা আগামী রবিবারের হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। সকল দেশপ্রেমিক জনতাকে রাজপথে নেমে জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না বলে জানান।
তিনি শুক্রবার বিকালে গাজীপুর জেলা শহরের মুক্তমঞ্চে স্থাপিত গণজাগরণ মঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত ৫ মে ঢাকায় জামায়াত-শিবিরের দোসর হেফাজতে ইসলামের নামে পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে, মসজিদে অগ্নিসংযোগ করেছে। তাদের তাণ্ডবে দেশবাসী হতবাক হয়েছে। ধর্মের নামে যারা এ জঘন্য তাণ্ডব ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং যারা বক্তৃতা বিবৃতি ও ইন্ধন দিয়ে উত্সাহ যুগিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
গাজীপুর গণজাগরণ মঞ্চের সংগঠক অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পা দিত্য বসু, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ তাফসির, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা, বাংলাদেশ ছাত্র আন্দোলনের আলাউদ্দিন, ছাত্র মৈত্রীর আব্দুর রউফ, ছাত্র সমিতির আহ্বায়ক জাহিদুর রহমান খান, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মলয় সরকার, গাজীপুর গণজাগরণ মঞ্চের সংগঠক এমএ ফরিদ প্রমুখ।
এর আগে বিকাল চারটার দিকে গাজীপুর গণজাগরণ মঞ্চের সংগঠকরা মঞ্চে উঠে সমাবেশ করতে চাইলে অনুমতি নেই এই অযুহাতে পুলিশ তাদের বাধা প্রদান করে। পরে গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় নেতারা সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হলে পুলিশের বাধা উপেক্ষা করে ওই মঞ্চে সমাবেশ শুরু হয়। পুলিশ জানায়, মুক্ত মঞ্চে কোন প্রকার সমাবেশ করার অনুমতি না থাকায় পুলিশ সেখানে সমাবেশ না করার জন্য অনুরোধ করেছিল মাত্র।
