মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন হিরনকে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ১৪ দল। গতকাল শুক্রবার বিকালে বরিশাল ক্লাবে ১৪ দল আয়োজিত সর্বস্তরের নাগরিকদের সাথে মতবিনিময় সভার মধ্য দিয়ে শওকত হোসেন হিরনকে প্রার্থী ঘোষণা করে পুনরায় মেয়র পদে নির্বাচিত করার জন্য আহবান জানানো হয়।
মতবিনিময় সভার প্রধান অতিথি সাবেক চীফ হুইপ জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত প্রার্থী হিসাবে শওকত হোসেন হিরনকে পুনরায় বিজয়ী করার আহবান জানিয়ে বলেন, অতীতে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। সরকারের ক্রান্তিকালে আমরা এ নির্বাচন পেয়েছি। এটা আমাদের সৌভাগ্য। এ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে বেছে নিতে বরিশালবাসী ভুল করবেন না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ আমলেই দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। এ উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান রয়েছে। তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে উন্নয়ন কর্মকাণ্ড আরো ত্বরান্বিত করতে হবে। তিনি শওকত হোসেন হিরনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, দলীয় নেতা-কর্মীদের মধ্যে রাগ-ক্ষোভ থাকলে তা ভুলে গিয়ে একযোগে কাজ করতে হবে।
নগরবাসীর উদ্দেশে প্রার্থী শওকত হোসেন হিরন বলেন, উন্নয়নের বিবেচনা করে যদি যোগ্য মনে হয় তবে আমাকে পুনরায় ভোট দিয়ে বিজয়ী করবেন। কাজ করতে গেলে সামান্য ভুল-ত্রুটি হওয়া স্বাভাবিক। আওয়ামী লীগের মতো বিশাল দলে অসংখ্য কর্মী-সমর্থক রয়েছেন। সবাইকে হয়তো খুশি রাখতে পারিনি। এজন্য যাদের মনে ব্যথা রয়েছে, তাদের প্রতি দুঃখ প্রকাশ করে শওকত হোসেন হিরন বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে নির্বাচনে সক্রিয়ভাবে নেতা-কর্মীদের কাজ করতে হবে। এবার মেয়র নির্বাচিত হতে পারলে সকলকে নিয়ে কাজ করতে চাই। নগরবাসীকে উন্নয়নের স্বার্থে এ নির্বাচনে তাকে বিজয়ী করার আহবান জানিয়ে হিরন বলেন, ৫৮ বর্গকিলোমিটার এই মহানগরীতে গত ৫ বছরে যে উন্নয়ন বরাদ্দ এসেছে তা দিয়ে আমি নগরীকে ঢেলে সাজানোর চেষ্টা করেছি। পুনরায় নির্বাচিত হতে পারলে বরিশাল নগরী হবে দেশের সেরা নগরী। এ নগরীতে আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি এর সৌন্দর্য দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসের উপস্থাপনায় এ মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোখলেছুর রহমান, মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), অধ্যক্ষ শাহ আলম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মানবেন্দ্র বটব্যাল। এসময় উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, জাসদের আব্দুল হাই মাহবুব, সিপিবি’র হিরন কুমার দাস মিঠু এবং গণফোরাম ও ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের নেতৃবৃন্দ।
এদিকে গতকাল সকালে শওকত হোসেন হিরন চরমোনাই মরহুম পীর সাহেবের কবর জিয়ারত ও বর্তমান পীর সাহেব সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাত্ করে দোয়া প্রার্থনা করেন।
নগর ভবনে চোখের জল
দুপুরে নগর ভবনে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা সভায় বক্তৃতা করতে গিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে নগরীর উন্নয়ন ধারা ও সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তার আমলে নগরীতে যতো উন্নয়ন হয়েছে তার ভাগিদার সাবেক মেয়ররাও। বক্তব্যের এক পর্যায় সিটি মেয়র আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি। এসময় কর্মকর্তা-কর্মচারীদের অনেকে চোখের জল মুছতে থাকেন। আবেগ আপ্লুত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে হিরন বলেন, আগামীতে আমি যদি মেয়র নাও হতে পারি তারপরও এ নগরীকে পরিষ্কার-পরিছন্ন রাখার দায়িত্ব আপনাদের।
বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তৃতা করেন, আবুয়্যাল মাসুদ মামুন, প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, প্রধান প্রকৌশলী তারুকুল হক, মেয়র পত্নী জেবুন্নেছা আফরোজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মতিউর রহমান প্রমুখ।
