ভারতের ‘মুন্না ভাই’ খ্যাত সঞ্জয় দত্তের সাজা পুনর্বিবেচনার আবেদন গতকাল শুক্রবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের ঘটনায় বেআইনি অস্ত্র মজুদ সংক্রান্ত এক মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল সুপ্রিম কোর্ট। ইতোমধ্যেই তিনি দেড় বছর সাজা খেটেছেন। গত ২১ মার্চ তাঁকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় দেশটির সর্বোচ্চ আদালত। আগামী ১৬ মে’র মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
রায় ঘোষণার পর ২৮ মার্চ সঞ্জয় দত্তের (৫৩) পক্ষে ক্ষমা ভিক্ষার আবেদন করে রাজ্যপালের কাছে জমা দেন সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। গত ১৭ এপ্রিল সঞ্জয় দত্তের আত্মসমর্পণের সময়সীমা আরো চার সপ্তাহ বাড়িয়ে দেয় আদালত। এরপরে সাজা পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদনপত্র জমা দেন তিনি। গতকাল সেই মামলার শুনানিতে এই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট।
