১৭ দিন পর সাভারের ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার হওয়া রেশমার সংবাদটি অগণিত আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রেকিং নিউজ এবং পরবর্তী সময়ে প্রচ্ছদে লিড নিউজ হিসেবে প্রকাশ করা হয়। বেশিরভাগ মিডিয়ায় এ ঘটনাকে ‘অবিশ্বাস্য ও অলৌকিক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্রিটেনের দ্য টেলিগ্রাফ, গার্ডিয়ান, ডেইলি মেইলসহ বহুল প্রচারিত দৈনিকগুলো ধ্বংসস্তূপের নিচে রেশমার প্রাণে বেঁচে থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিখ্যাত দৈনিক ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমসের মতো পত্রিকাগুলোতেও স্থান পেয়েছে মৃত্যুর দুয়ার থেকে রেশমার জীবিত ফিরে আসার এই তাকলাগানো খবরটি।
সাভারের রানা প্লাজা ধসের ঘটনার পর প্রতিদিনই বিদেশি গণমাধ্যমে আলোচিত ছিল বাংলাদেশ ও এ দেশের পোশাকশিল্প। তারই ধারাবাহিকতায় উঠেছে রেশমার সংবাদটি। ‘ঢাকায় ধ্বংসস্তূপ থেকে জীবন্ত টেনে বের করা হলো এক নারীকে’ এই শিরোনামে প্রচ্ছদে লিড নিউজ করে বিবিসি। রিপোর্টে বলা হয়, ঢাকার অদূরে সাভারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের একজনকে ১৭ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। আলজাজিরা তার রিপোর্টের শিরোনাম করে, ‘ভবন ধসের শিকার নারীকে জীবিত উদ্ধার বাংলাদেশে’। এতে লেখা হয়, এক হাজারের বেশি মানুষ মারা যাওয়ার পর সাভারের ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের একজনকে উদ্ধার করা হয়েছে। স্কাই নিউজ লেখে, ‘বাংলাদেশ: ১৭ দিন পর এক নারীকে জীবিত উদ্ধার’। রিপোর্টে বলা হয়, রেশমা নামের একজনকে উদ্ধার করা হয়েছে এবং তাকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাফিংটন পোস্ট তার রিপোর্টের শিরোনাম করে, ‘ঢাকায় ভবনধস: ধ্বংসস্তূপে পাওয়া গেল হাস্যোজ্জ্বল নারীকে’। প্রতিবেদনে বলা হয়, ১৭ দিন লড়াইয়ের পর জীবিত উদ্ধার করা হয়েছে রেশমাকে। ইউএসএ টুডের প্রতিবেদনের শিরোনাম করা হয়, ‘ধ্বংসস্তূপের মধ্যে বাংলাদেশের উদ্ধারকারীরা খুঁজে পেল জীবিত নারীকে। অবিশ্বাস্যভাবে রেশমার এই বেঁচে থাকার ঘটনা গুগলে সার্চ দেয়ার পর সার্চ রেজাল্ট পাওয়া গেল ১ কোটি ১৬ লাখ! এতেই বোঝা যায় বিশ্বব্যাপী কতটা তোলপাড় ফেলেছে এই ঘটনাটি।
