বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতবিরোধকে কেন্দ্র করে রাজপথে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিভাগের মুখপাত্র উদ্বেগ প্রকাশ করে বলেন, এভাবে সহিংসতা চলতে পারে না। রাজনৈতিক দলগুলোর মতবিরোধকে রাজপথে নিয়ে এসে সহিংসতা ছড়ানো কোন অবস্থাতেই ঠিক হবে না। এটা বাংলাদেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যেভাবেই হোক বাংলাদেশকে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সৃষ্টি করতে হবে। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক দফতরে সফররত বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মুখপাত্র এ কথা বলেন।
বাংলাদেশের সহিংস রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা কিছু পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে মুখপাত্র জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সমাধানে কোন পক্ষ নেবে না। সরকারি ও বিরোধী দলকেই মতভিন্নতার অবসান ঘটিয়ে সমাধানে পৌঁছানোর পথ তৈরি করতে হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, যে কোন পরিস্থিতিতে এ অচলাবস্থার সমাধানে পৌঁছানো জরুরি।
স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, যদি কোন রাজনৈতিক দল মনে করে, তাদের অবস্থান শক্তিশালী, তাদের নির্দেশিত রাষ্ট্রের উন্নতির রূপরেখা মানুষ গ্রহণ করবে তাহলে সংঘাত ছেড়ে নির্বাচনের পথে আসাই শ্রেয়। কারণ মানুষ তাদের ‘ভিশন’কে ভোট দিয়ে মূল্যায়ন করবে। এখানে সহিংসতা সৃষ্টি ও মানুষের প্রাণহানির কোন স্থান নেই।
বাংলাদেশের সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র চলমান প্রক্রিয়া। এক রাতের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র গত দুইশ বছর ধরে গণতন্ত্রকে সুসংহত ও তাকে শক্তিশালী করে তুলতে সচেষ্ট রয়েছে। সভার শুরুতেই সাভারে ভবন ধসের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। সাভারের মতো ভবন ধসের ঘটনায় আর যেন কোন শ্রমিক প্রাণ না হারায় সে বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। ঐ মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্য কর্মপরিবেশ সৃষ্টিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা ইতিমধ্যেই ‘বেটার ওয়ার্ক’ কার্যক্রম হাতে নিয়েছে। তবে বাংলাদেশের সরকারকে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সচেতন হতে হবে। সেই সঙ্গে স্বাধীন শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠা করাও জরুরি।
মতবিনিময় সভায় স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের অবিশ্বাস্য অর্থনৈতিক উন্নতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে একযোগে কাজ করছে। বাংলাদেশের সেনাবাহিনী, সুশীল সমাজ ও ব্র্যাক-গ্রামীণ ব্যাংকের মতো বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে এবং সহযোগিতামূলক কাজ করছে।
সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মার্কিন সরকার প্রদত্ত ফুলব্রাইট স্কলারশিপ বৃদ্ধি করতে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে সভায় জানানো হয়।
