কমলগঞ্জে ৭ গ্রাম ও জুরাছড়িতে শত একর ধানি জমি প্লাবিত

আপডেট : ১০ মে ২০১৩, ২২:৩৬
ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ঐ সকল গ্রামের প্রায় দুই শতাধিক লোক পানিবন্দি হয়েছে। উঠতি পাকা বোরো ফসলের দ্বিতীয় দফা ক্ষতি হয়েছে। জানা যায়, শুক্রবার ভোরে প্রবল ভারিবর্ষণ ও ঝড়ো হাওয়ায় কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জে ধলাই নদীর পুরনো দু’টি ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে চৈতন্যগঞ্জ, চৈতিয়া, কান্দিগাঁও, নারায়ণপুরসহ ৬/৭টি গ্রামে দ্বিতীয় দফা উঠতি বোরো, আউশের বীজতলা, মুকি, কচু, ডাঁটা শাকসহ বিভিন্ন সবজির ক্ষতি করে। ভেসে যায় ফিসারি ও পুকুরের মাছ। চৈতন্যগঞ্জের মুক্তিযোদ্ধা নিরঞ্জন দাস বলেন, ধলাই নদীর পানি বৃদ্ধি নদীর তীরবর্তী শতাধিক ঘর-বাড়ি সম্পূর্ণ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে কয়েকটি বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়। বুধবার রাতে নদীর ঐ দু’টি স্থানে বাঁধ ভেঙ্গে বন্যার সৃষ্টি হয়। বাঁধের ভাঙ্গন মেরামত না হওয়ায় বন্যা অব্যাহত রয়েছে। রাঙ্গামাটি প্রতিনিধি জানান, ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে জুরাছড়ি উপজেলায় তলিয়ে গেছে শত একর ধানি জমি। তিন সপ্তাহ আগে যে সবুজ ধানি জমি দেখে কৃষকের বুক আশায় ভরে উঠেছিল। পাহাড়ি ঢল নেমে তা নষ্ট হয়ে যাওয়ায় এখন কেবলই তাদের মাঝে হাহাকার বিরাজ করছে। স্থানীয় কৃষকরা দেড়-দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়া ধান খেতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। সদর ইউনিয়নের বালুখালীর কৃষক ভুবন জয় চাকমা ও কৃষ্ণ কুমার চাকমা বলেন, ১০ বিঘা জমিতে উচ্চ ফলনশীল আমন ধান আবাদ করেছিলাম, পাহাড়ি ঢলের কারণে পানিতে ডুবে সব শেষ হয়ে গেল। জমি ছাড়া অন্য আয়ের পথ নেই আমাদের। দিনে দুই-তিন কেজি চাল লাগে। অন্যান্য খরচ তো আছে। কিনে খেতে গেলে জমি বেচা ছাড়া উপায় নেই। আর কেমন করে ছেলে-মেয়েদের লেখাপড়া ও দিন চালাব। এলাকাবাসী জানান, ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল সৃষ্টি হওয়ায় পানি ধানি জমির উপর দিয়ে স্রোতে বেয়ে নামছে, উপজেলার চার ইউনিয়নে ধানি জমিগুলো পাহাড়ি ঢলের স্রোতে নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত ধানি জমিগুলো এক থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে আছে। দুমদুম্যা ইউনিয়নের বরকলক গ্রামের কৃষক জীবন শান্তি চাকমা বলেন, বৃষ্টির পানিতে পুরো এলাকার ধানি জমিগুলো তলিয়ে গেছে। এসব ফসল আর বাঁচবে না। মাঝখানে কোন আবাদ নেই। বোরো মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে। গত কয়েক দিন টানা বৃষ্টির কারণে সদর ইউনিয়নের কুসুমছড়ি, লুলাংছড়ি, ঘিলাতুলী, শিলছড়ি গ্রামের ৬০ একর প্রায়, বনযোগীছড়া ইউনিয়নের ছোট পানছড়ি, বহেড়াছড়ি, চুমাচুমি গ্রামের ৪০ একর, মৈদং ইউনিয়নের বারাবান্যা, ফকিরাছড়ি গ্রামের ৪০ একর, দুমদুম্যা ইউনিয়নের বরকলক, বড় কড়াইদিয়া, বগাখালী গ্রামের ৬০ একর ধানি জমির ফসল পাহাড়ি ঢলে নষ্ট হয়েছে বলে স্ব-স্ব ইউপি চেয়ারম্যানরা নিশ্চিত করেছেন। এদিকে উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা বিরো কুমার চাকমা জানান, গত কয়েক দিন টানা বৃষ্টির ফলে বোরো ধানি জমির উপর পাহাড়ি ঢল নামে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২৫ হেক্টরের মত ধানি জমির ক্ষতি হয়েছে। তবে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সদর ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম কৃষকদের ধানি জমি তলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি সহযোগিতার জন্য আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি। কার কি পরিমাণ ক্ষতি হয়েছে তালিকা করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) নির্দেশ দেয়া হয়েছে।