শেষ পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন জোটগতভাবে হচ্ছে না। ইতিমধ্যে দেশের প্রধান চার রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি মেয়র পদে তাদের একক প্রার্থী চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে সকল দলের চূড়ান্ত অবস্থান জানতে মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সূত্র জানায়, দলগুলোর স্থানীয় নেতৃবৃন্দের পৃথক সভায় আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপি থেকে সাবেক মেয়র মিজানুর রহমান মিনু অথবা মোসাদ্দেক হোসেন বুলবুল অথবা অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জামায়াত থেকে ডা. মুহম্মদ জাহাঙ্গীর এবং জাতীয় পার্টি (এ) থেকে এমএস জোহা সরকারকে মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে তাদের অনেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে বিএনপির নেতা মিজানুর রহমান মিনু দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দলীয় হাইকমান্ড থেকে তাকে মনোনয়ন দেয়া না হলে মেয়র পদে বিএনপি নেতা বুলবুল অথবা মিলন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা মেয়র পদের মনোনয়নপত্রও উত্তোলন করেছেন। অর্থাত্ বিএনপি হাইকমান্ড দলীয় মনোনয়ন যাকেই দিক, বা না দিক, বিএনপি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবে এটা প্রায় নিশ্চিত।
এদিকে ১৮ দলীয় জোটের শরীক জামায়াতে ইসলামীও রাসিক নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। সংগঠনের রাজশাহী মহানগর কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. মুহম্মদ জাহাঙ্গীরের নামে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আজ শনিবার অথবা আগামীকাল রবিবার মনোনয়নপত্র জমা সাপেক্ষে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি স্পষ্ট হবে।
অন্যদিকে নির্বাচন হলে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত। রাজশাহী মহানগর আওয়ামী লীগের পাশাপাশি সমর্থক বুদ্ধিজীবী ও সংস্কৃতি কর্মীদের সমন্বয়ে গঠিত নাগরিক কমিটিও খায়রুজ্জামান লিটনকে তাদের (নাগরিক কমিটি) প্রার্থী ঘোষণা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় খায়রুজ্জামান লিটনকে নিয়ে নাগরিক কমিটি স্থানীয় মেডিক্যাল অডিটরিয়ামে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছে।
রাজশাহী মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারী শাহাদত হোসেন জানান, মেয়র পদে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার জন্য জামায়াতের প্রস্তুতি চূড়ান্ত। এছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকাও তৈরি করা হয়েছে। এখন তারা দলের কেন্দ্রীয় নীতি নির্ধারকদের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। তারা পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে প্রমাণ করতে চান এই মূহূর্তে রাজশাহী মহানগরীতে কোন দলের ভোট বেশি? বিএনপি না জামায়াতের!
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ও জামায়াত নেতারা স্বীকার করেন, রাজশাহীতে বিএনপি-জামায়াতের দূরত্বের বিষয়টি মোটামুটি ‘ওপেন সিক্রেট’। জোটের শরীক হওয়া সত্ত্বেও বিএনপি সকল কর্মসূচি জামায়াত নেতৃবৃন্দকে ছাড়াই পালন করছে। এনিয়ে দুই দলের শীর্ষ নেতাদের মধ্যেও দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
